স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে পরিবার বাড়িছাড়া
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলার নন্দলালপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস চৌধুরীর বিরুদ্ধে।এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। ইলিয়াসের বড় ভাই ইসহাক চৌধুরী ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ধর্ষণের মামলা করার পর ইলিয়াস হত্যার হুমকি দেওয়ায় ধর্ষণের শিকার মেয়েটিসহ তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে ঢাকায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আসামি ইলিয়াস আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি সারাহ বেগম কবরী বলেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিকে পুলিশের উচিত দ্রুত আইনের হেফাজতে নেওয়া। পুলিশ এখনো কেন আসামিকে গ্রেপ্তার করছে না, তা বোধগম্য নয়। ধর্ষণের মতো জঘন্য ঘটনায় জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।