স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যাকারীদের দুদিনের মধ্যে গ্রেপ্তার দাবি
বগুড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম ওরফে রেক্কাতের হত্যাকারীদের গ্রেপ্তারে দলটি ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। গত সোমবার দুপুরে শহরের রহমান নগর এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। দলটির বগুড়া শহর শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, খায়রুল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী সময়ে কর্মসূচি দেওয়া হবে। পুলিশ সোমবার রাতেই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে খায়রুলের বন্ধু ও তাঁর রাজনৈতিক সহকর্মী আরিফকে ধরতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে পুলিশ আরিফকে ধরতে না পারলেও তাঁর শ্বশুর আবু তালেব ও রহমান নগর এলাকার ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছকিরউদ্দিন জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার ঘটনায় এখনো কেউ মামলা করেনি।স্বেচ্ছাসেবক লীগের নেতা খায়রুলের জানাজা গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে হয়েছে। পরে দক্ষিণ বগুড়া (ভাই পাগলা মাজার) গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।