স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নিহত ২
ফরিদপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। একই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিপন আলী (২৫) নামের এক হোটেল কর্মচারী নিহত হন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা সড়কের মুকসুদপুর বাজার এলাকায় দুর্ঘটনায় আহত হন নুরুল ইসলাম। ঢাকা নেওয়ার পথে দুপুর ১২টার দিকে মাওয়া ঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
নুরুল ইসলাম বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার লুৎফর রহমানের ছেলে।
নুরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, ঠিকাদারি কাজের জন্য মোটরসাইকেলে করে মুকসুদপুরে যাচ্ছিলেন নুরুল। পথে ওই সড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি আহত হন। ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ছোলনা মাদ্রাসা মাঠে জানাজা শেষে ছোলনা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে শিপন আলী গত সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা এলাকায় বিএটিবির কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। শিপন আলী হোগলবাড়িয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গাইনপাড়ার মৃত মেঘা গাইনের ছেলে। তিনি আল্লারদর্গা বাজারে একটি হোটেলের কর্মচারী ছিলেন।