ফরিদপুরের নগরকান্দায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ সময় নগরকান্দা বাজার এলাকায় একটি বাড়ি এবং ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নগরকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসের ছয়টি সেল ও একটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুই পক্ষের শতাধিক সমর্থক ইট, ঢাল, সুড়কি, কাতরাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় কলেজ রোডে অবস্থিত স্বেচ্ছাসেবক লীগের নেতা আল-আমিনের বাড়িতে হামলা করে দুটি মোটরসাইলেকসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। এ ছাড়া কলেজ রোডের আশপাশে মুদিসহ বিভিন্ন ধরনের ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে হামলাকারীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আক্কাস আলী ঠিকাদারি করেন। বর্তমানে তিনি শংকরপাশা প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ করছেন। কিন্তু নির্মাণকাজ নিম্নমানের হওয়ায় উপজেলা প্রকৌশলী নির্মাণাধীন একতলা ভবন ভেঙে দেন। এরপর আক্কাস আলী নির্মাণশ্রমিকদের বিল পরিশোধ করেননি। এ নিয়ে আক্কাসের সঙ্গে নির্মাণশ্রমিকদের বচসা হয়। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন নির্মাণশ্রমিকদের পক্ষ নেন। অন্যদিকে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্কাসের পক্ষ নেন। এ বিষয় নিয়ে দুই পক্ষের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি থেকে শনিবারের এ সংঘর্ষ শুরু হয়। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, সংঘর্ষে আহত ৩০ জনের মধ্যে ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, নির্মাণশ্রমিকদের পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের এ সংঘর্ষের ঘটনা নিয়ে গতকাল রোববার দুপুরে থানায় উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দারের মধ্যস্থতায় আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ২৬ আগস্ট দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হবে। তার আগে দুই পক্ষই এলাকায় শান্তি বজায় রাখবে মর্মে মুচলেকা দিয়েছে।