স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে হত্যা তরুণ ও শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা ও তাঁর বাবাকে জখম করেছে প্রতিপক্ষ৷ নিখোঁজ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক শিশু ও ঢাকার সাভারে এক তরুণের গলা কাটা লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ৷
নিহত ব্যক্তিরা হলেন কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. হুমায়ুন কবীর (৩৫), সাভারের পানপাড়া এলাকার আবদুস সালামের ছেলে হাসিব (২২) ও শিবালয়ের তেওতা ইউনিয়নের জমদুয়ারা গ্রামের আরমান খানের ছেলে টুটুল খান (১৩)৷
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: এলাকাবাসী ও কাপাসিয়া থানার পুলিশ জানায়, কাপাসিয়ার সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের নূরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী ও চাচাতো ভাই আবদুল মালেক মোড়লের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল৷ এ নিয়ে গাজীপুর আদালত ও কাপাসিয়া থানায় পাল্টাপাল্টি একাধিক মামলা ও অভিযোগ রয়েছে৷ স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি৷
গতকাল সকাল ১০টার দিকে হুমায়ুন পাশের একটি খামার থেকে দুধ নিয়ে ফিরছিলেন৷ পথে প্রতিপক্ষ মালেক মোড়ল ও তাঁর তিন ছেলে আমান উল্লাহ্ মোড়ল, ছানাউল্লাহ মোড়ল ও বিল্লাল মোড়ল হুমায়ুনের ওপর হামলা চালান৷ তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে হুমায়ুনকে হত্যা করেন৷ এরপর তাঁরা বাড়িতে গিয়ে হুমায়ুনের বাবা নূরুল ইসলামকেও কুপিয়ে জখম করেন৷
পুলিশ মালেকের স্ত্রী ফাতেমা বেগমকে (৬০) গ্রেপ্তার করে এবং মালেকের বাড়ি থেকে রক্তমাখা একটি বঁটি ও দা, রক্তমাখা তিনটি লুঙ্গি ও একটি টর্চলাইট জব্দ করে৷
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, প্রতিপক্ষের লোকজন হুমায়ুনের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে৷ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ নূরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
মানিকগঞ্জ: পুলিশ, এলাকাবাসী ও শিশুটির পরিবার জানায়, ২৩ মে সকালে একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় টুটুল৷ এর পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি৷ ২৬ মে তেওতা জমিদারবাড়ির মাঠের পাশ থেকে সাইকেলটি পাওয়া গেলেও টুটুলের খোঁজ মেলেনি৷ গতকাল বিকেলে জমিদারবাড়ির পরিত্যক্ত একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে গিয়ে শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা৷ খবর পেয়ে শিশুটির পরিবার লাশ শনাক্ত করেন৷ সন্ধ্যা সাতটায় শিবালয় থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়৷
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন৷ তিনি বলেন, শিশুটিকে নৃশংসভাবে হত্যা করেছে খুনিরা৷ এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি৷
সাভার: সাভার মডেল থানার পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, হাসিব গত রোববার রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি৷ অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি৷ গতকাল সকালে পানপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে গলা কাটা একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানার পুলিশকে খবর দেন৷ পরে স্বজনেরা গিয়ে হাসিবের লাশ শনাক্ত করেন৷
হাসিবের মামা মাজেদ আলী সন্দেহভাজন কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন৷ মাজেদ আলী বলেন, তাঁর ভাগনে মাদক সেবন করলেও ব্যবসা করত না৷ কোনো কারণে ক্ষুব্ধ হয়ে ঘনিষ্টজনেরাই তাঁকে হত্যা করেছে৷
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন৷ এ নিয়ে তিনি ওই এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন৷ ওই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে৷