স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে অস্ত্রসহ আটকের পর পিটুনি
বগুড়া শহর যুবলীগের দুই কর্মীকে অস্ত্রসহ আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন যুবদলের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে যুবলীগ কর্মী আলিমুল ইসলাম ওরফে মিলু (৩২) ও তাঁর সহযোগী মো. সোহেলকে (২৮) আটক করা হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
জেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার অভিযোগ করেন, একজন সেনা সদস্যকে হত্যা মামলায় দশ বছর জেলে থাকার পর সম্প্রতি ছাড়া পান মিলু। তাঁকে (সিপারকে) হত্যার জন্য পিছু লাগেন মিলু।
গতকাল শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি হাউজিং কোম্পানির অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে দুটি মোটরসাইকেলে আসা চার সন্ত্রাসী আকসিঞ্চকভাবে তাঁর (সিপার) ওপর অস্ত্রসহ হামলা করেন। সঙ্গে থাকা যুবদলের নেতা-কর্মীরা মিলু ও সোহেলকে ধরে ফেলেন। এ সময় মিলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, একটি ম্যাগজিন এবং সোহেলের কাছ থেকে একটি বিদেশি চাকু উদ্ধার করার হয়। পরে গণপিটুনি দিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
তবে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে বাপ্পী যুবদলের এই অভিযোগকে সাজানো নাটক বলে দাবি করেছেন। আটক দুজনকে শহর স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী দাবি করে তিনি বলেন, মিলু অনেক আগের একটি মামলায় জেল থেকে মাস ছয়েক আগে ছাড়া পেয়েছেন। এরপর থেকে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। গতকাল জলেশ্বরীতলায় একটি অনুষ্ঠানে যুবদলের নেতা-কর্মীরা মিলুর ওপর হামলা চালায়। এরপর শহরের মালতীনগর এলাকায় তুলে নিয়ে গিয়ে বেদম মারপিট করার পর অস্ত্র দিয়ে পুলিশ ডেকে স্বেচ্ছাসেবক লীগের ওই কর্মীকে ফাঁসিয়ে দেওয়া হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, মিলু ও সোহেলকে বিকেল চারটার দিকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল শহরের মালতীনগর এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. সিদ্দিকী বলেন, আটক দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি।