বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ভিন্নি ঘাটা গ্রামের আবদুর রশিদ ওরফে তেলিকে (৩২) হত্যার অভিযোগে মাঝিড়া বন্দর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নূরুজ্জামান (২৭) ও সাধারণ সম্পাদক হোসেন শরিফ মনিরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে মাঝিড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। ওই রাতেই পুলিশ মনিরের বাড়িতে তল্লাশি চালিয়ে নিহত তেলির ব্যবহার করা মুঠোফোন সেট উদ্ধার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ চৌধুরী জানান, একই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামি ইতিহাসের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জিয়াউল হক জিয়াকে (২৮) ৭ সেপ্টেম্বর বিকেলে গ্রেপ্তার করা হয় এবং পরদিন বগুড়ার বিচারিক হাকিম আবদুল হালিমের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি জানান, এই হত্যার সঙ্গে নূরুজ্জামান ও মনির জড়িত। টাকার লোভে তিনি এই হত্যাকাণ্ডে জড়িত হন।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।