স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বাঁচাতে তদবিরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতার বাসায় যুবলীগের নেতা মজনু মিয়া ও তাঁর ভাতিজা নাহিদ হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে। মজনুর স্ত্রী সুরভী বেগম খুনের বাদী হয়ে ২৭ ঘণ্টা পর গতকাল বিকেলে মামলাটি করেন।

মজনু ও নাহিদকে হত্যার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান ও বাড়ির মালিক শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর সিদ্দিককে বাঁচাতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তদবির করছেন অভিযোগ পাওয়া গেছে। মজনুর স্ত্রীর দায়ের করা মামলায় এই দুই নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়।

গত রোববার দুপুরে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফরের গন্ডগ্রামের বাড়িতে মজনু ও নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় জাফর নিজে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান বাড়িতে ছিলেন।

পুলিশ সূত্র জানায়, শহরের পুলিশ লাইনস-সংলগ্ন এলাকায় একটি জায়গা দখলের টাকা ভাগাভাগির জন্য রোববার জাফরের বাড়িতে বৈঠক বসে। ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মজনু ও নাহিদকে খুন করা হয়। ঘটনার পর স্বেচ্ছাসেবক লীগের নেতা জাফরকে আটক করা হয়। এর পর থেকেই স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বাঁচাতে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তদবির শুরু করেন।

জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের নেতা জাফরকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পুলিশের ওপর চাপ দেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমানকে যাতে খুনের মামলার আসামি করা না হন, সে জন্যও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পুলিশের কাছে তদবির করেন। ক্ষমতাসীনদের চাপের কারণে বাদীর মামলা করতে প্রায় ২৭ ঘণ্টা দেরি হয়। শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান বলেন, মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়। এতে বাদী অভিযোগ করেন, আসাদুর রহমান ও আবু জাফরের কাছে তাঁর স্বামী মজনু ৫০ লাখ টাকা পান। ওই টাকা দেওয়ার কথা বলে আবু জাফরের বাসায় ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা তাঁদের লোকজন দিয়ে তাঁর স্বামী ও নাহিদকে হত্যা করেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।  আওয়ামী লীগের নেতাদের তদবির নিয়ে এক প্রশ্নের জবাবে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, আটক আবু জাফরকে ছাড়িয়ে নিতে কেউ কেউ তদবির করলেও তাঁদের জানানো হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে কেউ নন। খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা জড়িত বলে নিহত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।