স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের হাতে ৪ সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা স্থানীয় চারজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। খবর প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে তাঁদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেতু সরকার, সাংগঠনিক সম্পাদক সহিবর রহমানসহ ১০-১২ জন আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি আশরাফ হোসেনের রৌমারী বাজারের কার্যালয়ে যান। তাঁরা আইনশৃঙ্খলার অবনতি ও জুয়ার আসরের সঙ্গে সরকারদলীয় লোকজনের জড়িত থাকার খবর প্রকাশ করায় সেখানে থাকা রফিকুল ইসলাম (মানবজমিন), কুদ্দুস বিশ্বাস (করতোয়া), এম এ বাসেত (দ্বীপদেশ), নাজমুল আলমকে (আমাদের সময়) গালাগালি করেন। একপর্যায়ে মারতে উদ্যত হন।রফিকুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে রৌমারীতে অবাধে যাত্রা-জুয়াসহ নানা অপরাধমূলক কার্যকলাপ চলে আসছে। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।নবীরুল ইসলাম জানান, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় ওই সাংবাদিকের কাছে কৈফিয়ত চাওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা সাংবাদিকদের গালিগালাজ করেন।সেতু সরকার বলেন, ‘ভাগ্য ভালো, ওই সাংবাদিকদের কচুকাটা করা হয়নি। আপনাদেরও কিছু করার থাকলে করেন গিয়ে।’রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, জিডি নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।