স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসিবুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কলেজগেট বাঁশবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার তদন্তে যুবলীগের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সকালে স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার মালিকানাধীন মেসার্স সামিয়া সিএনজি ফিলিং স্টেশনে কফি খাওয়াকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসিবুল আলমের সঙ্গে উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম মোল্লা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাজুল ইসলাম ঘটনাটির মীমাংসা করেন। গতকাল দুপুরে শিবপুর কলেজগেট এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়ে হাসিবুল আলম অবস্থান করছিলেন। তখন শফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হাসিবুলের ওপর হামলা চালায়। ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ কামাল বাধা দেওয়ার চেষ্টা করলে ওই প্রতিষ্ঠানের আসবাব ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন হাসিবুলকে উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসিবুল আলম বলেন, ‘সজীব নামের একজন যখন আমাকে পিস্তল ধরল, তখন তাদের কিছু না বলে মাইর সহ্য করলাম। তারা আমার মাথায় ও বুকে কুপিয়ে জখম করার পর আর কিছু বলতে পারব না।’ শেখ কামাল বলেন, ‘সন্ত্রাসীরা আমার প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে। পাশাপাশি আসবাবপত্রও ভাঙচুর করেছে।’
অভিযোগের ব্যাপারে যুবলীগ নেতা শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী বলেন, এ ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় শেখ কামাল থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।