স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনকে গতকাল বুধবার রাতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক জানান, নিহত নূর হোসেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ ক ম রুহুল আমিনের সক্রিয় কর্মী ছিলেন। মজিবুল হকের ভাষ্য, তাঁকে কিছুদিন ধরে মুঠোফোনে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিচ্ছিল। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিমের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামের নূর হোসেনকে গতকাল রাত ১০টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নেয়। কিছুক্ষণ পর গুলির শব্দ ও চিত্কার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাঁকে বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই দলীয় নেতা-কর্মীরা হত্যার প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল বের করেন।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুল হক প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা নূর হোসেনকে খুব কাছ থেকে গুলি করে। তাঁর পেটের বাম পাশে গুলির চিহ্ন ছিল। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।