স্বেচ্ছাসেবক লীগের নেতার খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মামুনের (২৮) খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার এ কর্মসূচি পালিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেদ মোশাররফ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি শহিদুর রহমান, সুবর্ণচর উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন।
সমাবেশে বক্তারা গিয়াসউদ্দিনের ওপর হামলার জন্য জামায়াত-শিবিরের ক্যাডারদের দায়ী করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
৮ নভেম্বর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সরকার দিঘি এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা গিয়াসউদ্দিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গত বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।