স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে আড়াই কাঠা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার টঙ্গী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার লায়লা বেগম।১১ এপ্রিল প্রথম আলোর ৫-এর পাতায় ‘বায়না করেই পুলিশ নিয়ে বাড়ি দখল’ শিরোনামে খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়েছিল, জমি নিয়ে মামলা উচ্চ আদালতে বিচারাধীন। রায়ের আগেই বিল্লাল পুলিশ নিয়ে এক ব্যক্তির জমি ও নির্মাণাধীন বাড়ি দখল করেছেন।লায়লা তাঁর অভিযোগে উল্লেখ করেন, টঙ্গীর আরিচপুর এলাকার মো. আমির আলীর ছেলে দেলোয়ার হোসেন তাঁর মেয়ের জামাই। দেলোয়ার দত্তপাড়ার হিমারদিঘি এলাকার বাসিন্দা আবদুল হাইয়ের কাছ থেকে আড়াই কাঠা জমি কিনে সীমানা প্রাচীর করেন। কিন্তু ১০ এপ্রিল রাতে বিল্লাল তাঁর লোকজন ও পুলিশ নিয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করেন এবং জমিতে ‘বায়না খরিদ সূত্রে মালিক’ লেখা সাইনবোর্ড স্থাপন করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও কোনো নিষ্পত্তি হয়নি। লায়লা বলেন, সংবাদপত্রে দখলের সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি ১২ এপ্রিল থেকে থানায় অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন। অনেক ঘোরাঘুরির পর গতকাল টঙ্গী থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন বরাবর লিখিত অভিযোগ জমা দিতে পারেন।পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, জমি দখলের ঘটনায় উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।