স্বেচ্ছাসেবক লীগের নেতার হামলায় ভূমি কর্মকর্তা আহত
যশোরের কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বিপুল ছিদ্দিকীর বিরুদ্ধে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথমে কেশবপুর হাসপাতালে ও পরে খুলনা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হয়েছে।শহিদুল ইসলাম জানান, তিনি গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে যাওয়ার সময় কাউন্সিলর বিপুল সিদ্দিকী তাঁর পথ রোধ করেন। সেখানে যাওয়ামাত্রই কোনো কথা না বলে তাঁকে ঘুষি মেরে ফেলে দেন ও জুতা খুলে কানে ও মুখে আঘাত করেন। পরে কাঠের চেলা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর বাঁ কানের পর্দা ফেটে গেছে। পরে তাঁর এক আত্মীয় আল-আমিন তাঁকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে যান। ইউএনও আবু সায়েদ মোহামঞ্চদ মঞ্জুর আলম জানান, তিনি অভিযোগ পেয়ে কেশবপুর থানার ওসিকে আইনিব্যবস্থা নিতে লিখিতভাবে জানিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) সনিত কুমার গাইন অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।বিপুল ছিদ্দিকী দাবি করেন, শহিদুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে তাঁকে মারধর করা হয়নি।