স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সংঘর্ষে যুবদলের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সংঘর্ষে যুবদলের কর্মী ফারুক হোসেন (২৮) নিহত ও আটজন আহত হয়েছেন। গত রোববার রাতে স্বেচ্ছাসেবক লীগ যুবদলের নেতা ও সমর্থকদের আটটি বাড়িতে হামলা-ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।সংঘর্ষে আহত যুবদলের কর্মী ফারুক হোসেনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। সংঘর্ষে ফারুক হোসেনের বড় ভাই শহীদ জামান গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও গজারিয়া উপজেলা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, প্রাধান্য বিস্তার, শিল্পপ্রতিষ্ঠানের জমিতে মাটি ভরাট ও অন্যান্য আয়ের হিস্যার ভাগাভাগিকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগের হোসেন্দী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা তাঁর (জাহাঙ্গীর হোসেন) ও সমর্থকদের মোট আটটি বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে যুবদলের কর্মী ফারুক হোসেন গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ সময় তাঁর ভাইসহ আটজন আহত হন। আহত ব্যক্তিরা সবাই যুবদলের কর্মী।যোগাযোগের চেষ্টা করেও স্বেচ্ছাসেবক লীগের কাউকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এমন আচরণ করলে মানুষ স্বস্তিতে থাকবে কী করে?