স্বেচ্ছাসেবকের পরিচয়ে তৎপর দালালচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ১০০ শয্যার সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালজুড়েই রয়েছে দালালদের অবাধ বিচরণ। তাঁরা রোগীদের বাইরের রোগনির্ণয় কেন্দ্র ও হাসপাতালে যেতে প্ররোচিত করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই হাসপাতালে কমপক্ষে ২০ জন দালাল সক্রিয়। তাঁদের মধ্যে প্রায় ১২ জনের আবাসিক চিকিৎসা কর্মকর্তার স্বাক্ষরিত স্বেচ্ছাসেবকের পরিচয়পত্র রয়েছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, রোগনির্ণয় কেন্দ্র ও ওষুধের দোকানের হয়ে দালালেরা কাজ করছেন। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, সেবিকা ও কর্মচারীর সঙ্গেও তাঁদের সখ্য রয়েছে।গত শনিবার সরেজমিন দেখা গেছে, যেখানেই রোগী, সেখানেই দালালদের ভিড়। ভুক্তভোগী ব্যক্তিরা জানান, হাসপাতালের জরুরি বিভাগে সারাক্ষণ আট-নয়জন দালাল ব্যস্ত থাকেন। বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের কক্ষের দরজার সামনে, অন্তর্বিভাগ ও প্রতিটি ওয়ার্ডে রয়েছে দালালদের উপস্থিতি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, হাসপাতালকে দালালমুক্ত করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক চাপে তা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ সম্প্রতি দুজন দালালকে ধরে পুলিশে সোপর্দ করলেও একজন জনপ্রতিনিধির চাপে তাঁদের ছাড়িয়ে এনে স্বেচ্ছাসেবকের পরিচয়পত্র দিয়ে দালালি করার সুযোগ করে দেওয়া হয়েছে। আলমডাঙ্গা উপজেলার আসমানখালীর আহসান কবীর অভিযোগ করেন, তাঁর বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরুরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা থাকলেও দালালেরা তাঁকে বাইরের রোগনির্ণয় কেন্দ্র থেকে পরীক্ষার জন্য প্রভাবিত করেন। অর্থোপেডিক সার্জন আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীকেও দালালেরা কৌশলে ভাগিয়ে সাইনবোর্ডসর্বস্ব ক্লিনিকে নিয়ে চিকিৎসার নামে প্রতারণা করছেন। একাধিক অর্থোপেডিক রোগীকে এভাবে বাইরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচারের পর পচন ধরায় অনেক রোগীর শরীর থেকে পা বিচ্ছিন্ন করতে হয়েছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা বলেন, তিনি দুই মাস হলো দায়িত্ব নিয়েছেন। তাঁর আগে থেকেই দালালদের দৌরাত্ম্য রয়েছে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।