স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধনে ঋণ কার্যক্রম!
জয়পুরহাটের আক্কেলপুরে জীবন উন্নয়ন সংস্থা (এলডিও) নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন সুদের ব্যবসা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে সংস্থাটি উপজেলার তিলকপুর বাজারে ঋণ কার্যক্রম পরিচালনা করছে।জানা গেছে, সংস্থাটি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীদের কাছ থেকে ১০০ দিনে পরিশোধযোগ্য ঋণ দিয়ে দৈনিক কিস্তি আদায় করছে। ঋণের পাশাপাশি বেশি মুনাফার লোভ দেখিয়ে এসব লোকের কাছ থেকে দীর্ঘমেয়াদি আমানত (সঞ্চয়) সংগ্রহ করছে সংস্থাটি।দুই মাস আগে তিলকপুর বাজারের রেলগেট এলাকার মূল সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে সংস্থার সাইনবোর্ড ঝোলানো হয়। এরপর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এলাকায় ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা পাঁচ শতাধিক সদস্য জোগাড় করে ফেলেন। সদস্যদের কাছ থেকে সদস্য ফি ও সঞ্চয়বাবদ বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছে। সেই টাকা থেকে ঋণ দেওয়া হয়েছে দুই শতাধিক সদস্যকে। দৈনিক কিস্তি পরিশোধের ভিত্তিতে বিভিন্ন অঙ্কের ঋণ পেয়েছেন সদস্যরা। সেই ঋণ আবার ১০০ দিনের মধ্যে পরিশোধযোগ্য।জানা গেছে, সংস্থাটি চলতি বছরের শুরুর দিকে জেলা সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়। জয়পুরহাট সদর উপজেলার হাড়াইল গ্রামের ঠিকানায় সংস্থাটি (জয়-২৬০/২০১১) নিবন্ধন পায়। নিবন্ধনের শর্তানুযায়ী, সংস্থাটি সমগ্র জেলায় তার কার্যক্রম পরিচালনা করতে পারবে। সংস্থাটির নির্বাহী পরিচালক রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি তিলকপুর এলাকায়।তিলকপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এই বাজারের অনেক ব্যবসায়ী ওই সংস্থার সদস্য। সদস্য হয়ে কয়েক সপ্তাহ সঞ্চয় রাখার পর তাঁদের বিভিন্ন অঙ্কের ঋণ দেওয়া হয়েছে। এসব সদস্যের কেউ কেউ মেয়াদি সঞ্চয় জমা রাখছেন। ক্ষুদ্র ব্যবসায়ী আজমুল হোসেন বলেন, ‘আত (রাত) পোয়ালেই কিস্তি, এই ভাবনায় আতত ঠিকমতো চোখত নিন (ঘুম) ধরে না।’ সংস্থার নির্বাহী পরিচালক রুহুল আমিন সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করে বলেন, ‘সংস্থার সিএ ফার্মের অডিট প্রতিবেদন আছে। আমাদের সংস্থা জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত। কাজেই ঋণ দান ও সঞ্চয় আদায় করা যাবে।’সোনালী ব্যাংকের জয়পুরহাট পূর্ব শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বেসরকারি সংস্থাগুলো মেয়াদি আমানত সংগ্রহ করতে পারবে না। এতে ওই গ্রাহকের ঋণের বোঝা কমবে না বরং বাড়বেই। তফসিলভুক্ত ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দিচ্ছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এই উপজেলায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। শর্ত ভঙ্গ করায় সাতটি সংগঠনের নিবন্ধন বাতিল করা হয়েছে। কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। উপজেলার তিলকপুর ইউনিয়নে জীবন উন্নয়ন সংস্থা ঋণ কার্যক্রম চালাচ্ছে, এমন মৌখিক অভিযোগ তিনি পেয়েছেন। শিগগির ওই সংস্থাকে নোটিশ পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।