
নগর স্বেচ্ছাসেবীদের প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, রেডক্রসসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমে সমন্বয় স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করাও জরুরি।
গতকাল বুধবার সকালে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘নগর স্বেচ্ছাসেবীদের প্রাতিষ্ঠানিকীকরণ’বিষয়ক গোলটেবিল বৈঠকে এমন অভিমত প্রকাশ করা হয়। প্রথম আলোর আয়োজনে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মানী বা প্রণোদনা দেওয়ার সুপারিশও আসে।
গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘বাঙালিদের ঐতিহ্য হচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতেও এর প্রমাণ পাওয়া গেছে। এটা আমাদের একটি সম্পদ।’
বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ শম্ভু বলেন, ‘পৃথিবীর অন্য
যেকোনো জাতির চেয়ে বাঙালি জাতি স্বেচ্ছাসেবায় ও মানবিকতায় অগ্রগামী। এ জাতির মধ্যে স্বেচ্ছাসেবামূলক যে মানবিক গুণাবলি, মমতাবোধ রয়েছে, অন্য কোনো জাতির মধ্যে তা নেই। এ জন্য আমরা গর্ববোধ করতে পারি।’
ধীরেন্দ্রনাথ শম্ভু আরও বলেন, ‘জাতি হিসেবেও আমাদের স্বেচ্ছাসেবী পরিকল্পনা থাকা দরকার, যা সমন্বিতভাবে হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আমব্রেলা প্রকল্পের কথা বলেছেন। এ বিষয়ে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো নেই, তবে উদ্যোগ রয়েছে।’
বৈঠকে সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নির্বাচিত নেতৃত্ব সরকারি বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সমন্বিত করতে পারে। তাই সার্বিকভাবে স্বেচ্ছাসেবার মানসিকতা তৈরি করতে হবে। উপকূলীয় দুর্যোগ ক্ষেত্রে ইতিমধ্যে তা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসও তা করছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন বা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারাই নেতৃত্ব দিক, সব শ্রেণির জনগণকে সম্পৃক্ত করতে হবে। তবে নেতৃত্বদানকারীর মধ্যে নেতৃত্ব দেওয়ার ব্যক্তিত্ব থাকতে হবে। দেখতে হবে সরকারি অন্যান্য বিভাগ, বেসরকারি সংস্থা যেন এখানে সমন্বয়ের কাজ করতে পারে।
এই নগর বিশেষজ্ঞ আরও বলেন, ‘নিরাপদ বাসযোগ্য শহর চাই, প্রাকৃতিক ও সামাজিক নিরাপত্তা দরকার। এ জন্য নগর স্বেচ্ছাসেবীদের প্রাতিষ্ঠানিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। আর স্বেচ্ছাসেবীদের বিশেষ স্বীকৃতিও দরকার।’ ছাত্রসমাজ, বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরও এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে যোগ করলে ভালো হয় বলে তিনি অভিমত প্রকাশ করেন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, ‘জাপানে দুর্যোগ সময়ে বা পরে স্বেচ্ছাসেবায় সাধারণ মানুষ ৯৮ ভাগ কাজ করে। সেদিক থেকে আমরাও যদি সাধারণ মানুষ বা কমিউনিটি পিপলকে কাজে লাগাতে পারি, তাহলে যেকোনো দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিকভাবেও আমরা অনেক এগিয়ে যাব। জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলররা বড় ভূমিকা পালন করতে পারেন।’
তিনি বলেন, এখন সবচেয়ে প্রয়োজন হচ্ছে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের। তাদের কীভাবে সমন্বিত করা যায়, তা দেখতে হবে। ফায়ার সার্ভিস মাঝে মাঝে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে। স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বিকভাবেই ফায়ার সার্ভিসের যোগাযোগ রাখতেই হবে।
নগরে ভূমিকম্পের ঝুঁকি, ভবন ধস, অগ্নিকাণ্ড, জলাবদ্ধতার বিষয়ে কাজ করার জন্য স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ জরুরি বলে উল্লেখ করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ। তিনি বলেন, নগরে প্রতিটি ওয়ার্ডে, মহল্লায়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব স্বেচ্ছাসেবী গড়ে তুলতে হবে। তাহলে স্বেচ্ছাসেবা স্বয়ংক্রিয়ভাবে জাগ্রত হবে। তারপরও দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে স্বেচ্ছাসেবীদের নিয়ে আমব্রেলা সংগঠন বাস্তবায়ন করতে হবে। তিনি ফেসবুকের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক প্রচারের কথাও বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা বলেন, ‘নাগরিক জীবনে শুধু সরকার বা সংগঠন নয়, নাগরিকদেরও সচেতন করতে হবে। আমাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। ৩৩ হাজার স্বেচ্ছাসেবীকে যার যার ক্ষেত্রে তৈরি করে পরে সমন্বিত করতে হবে। এটাই প্রাতিষ্ঠানিকীকরণ।’
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এম খালিদ মাহমুদ বলেন, ‘স্বেচ্ছাসেবকদের প্রণোদনার বিষয়ে মাঠপর্যায়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমরা এ ক্ষেত্রে তাদের অনেক সহযোগিতা করতে পারি। স্বেচ্ছাসেবাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনার ক্ষেত্রে জনগণকে, বিশেষ করে তরুণদের আনা দরকার।’
ফেসবুকের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের বিষয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ। তাদের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে এটা করা হচ্ছে। তিনি বলেন, অনেক সময় স্বেচ্ছাসেবক পাওয়া যায় না, অনেকে স্বনির্ভর হতেই বেশি আগ্রহী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের শিক্ষক গওহার নঈম ওয়ারা বলেন, পল্লিগ্রামের মতো নগরে স্বেচ্ছাসেবায় শুধু আত্মীয়স্বজনদের নয়, সবাইকে যুক্ত করতে হবে।
প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি, সেভ দ্য চিলড্রেনের পরিচালক রিফাত বিন সাত্তার বলেন, ‘আমরা বেসরকারি খাতে এখনো এমন মানসিকতা অর্জন করতে পারিনি যে স্বেচ্ছাসেবা কতটা করা যায়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি।’
সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক সৈয়দ মতিউল আহসান বলেন, স্বেচ্ছাসেবা কাজে এলাকাভিত্তিক সাধারণ গাইডলাইন ও ডেটাবেইস থাকা জরুরি।
সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রামের উপনির্বাহী পরিচালক তহমিনা জেসমিন সাধারণ স্বেচ্ছাসেবীদের জন্য সাধারণ নীতিমালা প্রণয়নের সুপারিশ করে বলেন, ৩৩ হাজারের মতো বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবীকেও দ্রুত নিয়োজিত করা দরকার।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) পরিচালক আহমাদুল হক স্বেচ্ছাসেবা বিষয়ে নিজস্ব তথ্য প্রেজেন্টেশন করে বলেন, স্বেচ্ছাসেবা বিষয়ে বছরজুড়ে কার্যক্রম থাকতে হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস নারায়ণগঞ্জে ১০০ স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
বৈঠকে ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক মো. ওয়াহিদ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ ওয়ার্ড স্বেচ্ছাসেবক মো. শহীদ আলামিন তাঁদের প্রশিক্ষণকাজের অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন।