স্বেচ্ছাসেবীদের ৩১ ডিসেম্বরের মধ্যে ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া বাংলাদেশে নিযুক্ত তার কর্মীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজেদের ইচ্ছামতো সময়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। অস্ট্রেলীয় সরকারের অর্থায়নের আওতায় থাকা স্বেচ্ছাসেবীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করবে দেশটি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক পরামর্শ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পরামর্শ বার্তায় বলা হয়, বগুড়ায় গতকাল বৃহস্পতিবার শিয়া মসজিদে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার মাত্রায় কোনো পরিবর্তন আনা হয়নি। তাই অস্ট্রেলিয়ার সব নাগরিককে উচ্চমাত্রায় সতর্কতা বজায় রেখে চলাচল করতে বলা হচ্ছে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ওই পরামর্শ বার্তায় অস্ট্রেলিয়া দাবি করেছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়া ও পাশ্চাত্য স্বার্থে হামলা চালানোর ষড়যন্ত্র করতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এতে বলা হয়, সেপ্টেম্বর থেকে বাংলাদেশে বেশ কয়েকটি হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস। এসব ঘটনার মধ্যে বিদেশিদের ওপর হামলার ঘটনাও রয়েছে।