কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ ক ম আবদুস সালাম চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের চিঠি দিয়েছেন। ১৮ মার্চ তিনি শেষ কর্মদিবস করবেন। ১৯ মার্চ থেকে স্বেচ্ছায় অবসর কাটাবেন। চলতি বছরের ৩০ ডিসেম্বর তাঁর চাকরি শেষ হওয়ার কথা ছিল।আবদুস সালামের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বাখরাবাদের একশ্রেণীর অসাধু কর্মচারীর নানা অনৈতিক দাবি পূরণ করতে না পারায় রাগে, ক্ষোভে ও অভিমানে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। সেখানকার কর্মকর্তারা তাঁকে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য দফায় দফায় অনুরোধ করলেও তিনি অনড় রয়েছেন।জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি আ ক ম আবদুস সালাম পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে স্বেচ্ছায় অবসরের চিঠি দেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ১৮ মার্চ পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করবেন এবং ১৯ মার্চ থেকে তিনি অবসরে যাবেন। নিয়মানুযায়ী, চাকরি ছাড়ার এক মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়। এরই আলোকে এই চিঠি দেওয়া হলো। বাখরাবাদ কার্যালয় থেকে জানা গেছে, আবদুস সালাম ১৯৮৩ সালের ৩১ মে বাখরাবাদে উপব্যবস্থাপক পদে যোগদান করেন। ২০১০ সালের ২৫ আগস্ট মহাব্যবস্থাপক (বিপণন) পদে থেকে ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ২৬ ডিসেম্বর তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদের একাধিক কর্মকর্তা ও কর্মচারী প্রথম আলোকে বলেন, ব্যক্তিবিশেষের অনৈতিক দাবি পূরণ না হওয়ায় ২০০৪ সাল থেকে একটি মহল তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে আসছিল। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। নতুন করে চক্রান্ত শুরু হওয়ায় তিনি এবার চাকরি থেকে অবসরের সিদ্ধান্ত নেন।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আবুল কাশেম বলেন, ‘ওনার চাকরির বয়স ২৫ বছর পার হয়ে গেছে, তাই অবসরে যাওয়ার চিঠি দিয়েছেন। মনে হয় তিনি কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা ওনাকে ওই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছি। তিনি এতে অনড় রয়েছেন।’ আবদুস সালাম বলেন, ‘অবসরে যাওয়ার চিঠি দিয়েছি।’ কী কারণে অবসরে যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।