স্বেচ্ছায় আয়কর জমা দিতে না পারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার আয়কর কার্যালয়ে স্বেচ্ছায় আয়কর জমা দিতে না পারার অভিযোগ করেছেন একজন করদাতা। গতকাল বৃহস্পতিবার তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ থেকে জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরে নতুনবাজার পৌর বিপণির মেসার্স আলী কনস্ট্রাকশনের মো. মোছাব্বির আলী মুন্না গতকাল মৌলভীবাজার উপ-কর কমিশনারের কার্যালয়ে তাঁর ২০১০-১১ এবং ২০১১-১২ অর্থবছরের কর দিতে যান। কর পরিশোধ করার জন্য উচ্চমান সহকারী মো. সালাউদ্দিনের কাছে ফাইল বের করার অনুরোধ করেন। তিনি (উচ্চমান সহকারী) তখন কঠোর ভাষায় জানান, এক-দেড় মাসের আগে ফাইল বের করা সম্ভব হবে না। তবে তিনি বলেন, ফাইল বের করা ও অফিস খরচ বাবদ পাঁচ-ছয় হাজার টাকা দিলে স্যারকে বলে তিনি চেষ্টা করতে পারেন।তবে উচ্চমান সহকারী মো. সালাউদ্দিন বলেন, ‘আমি তাঁকে বলেছি ফাইল বাইর না করে কিছু বলতে পারব না। বলেছি, মোবাইল নম্বরটা দিয়ে যান। ফাইল বের করে জানাব। টাকার কোনো কথাই ওঠেনি।’সহকারী উপ-কর কমিশনার (শ্রীমঙ্গল সার্কেল) গোবিন্দ চন্দ্র দাস গতকাল বলেন, ‘তাঁর অভিযোগ ঠিক নয়। এটা সময়সাপেক্ষ বিষয়। এলাম আর দিয়েদিলাম, তা না। উনি আজকে (বৃহস্পতিবার) এসেই আজকে তাৎক্ষণিকভাবে কর দিতে চাইছেন।’ মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, ‘একজন অভিযোগ করেছে। আমি বলেছি লিখিতভাবে দিতে। আমি এখন তামাবিলে (সিলেট) সরকারি কাজে আছি। এরা (আয়কর কর্মকর্তা) সমন্বয় কমিটির সভায়ও আসে না। লিখিত অভিযোগ পেলে সমন্বয় কমিটিতে ডাকব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানাব।’