স্বেচ্ছায় কার্ড ফেরত দিলেন দুই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুল ইসলাম (৪০) ও জমিদার আলী (৩৮)। তাঁরা দুজন কাঁচামালের ব্যবসায়ী। তাঁদের আছে পাকা বাড়ি। তাঁদের নামে হয়েছিল ১০ টাকা কেজি দরে চালের কার্ড। না বুঝে কার্ডের চালও তোলেন তাঁরা।
ওই কার্ড হতদরিদ্র মানুষের জন্য, এ কথা জানতে পেরে আমিনুল ও জমিদার আলী কার্ড ও চাল ফেরত দিতে ডাকেন এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে। ডাকেন গ্রামের হতদরিদ্র দুই নারীকে। এরপর তাঁরা উত্তোলন করা চাল গত সোমবার ইউপি সদস্যের উপস্থিতিতে দুই নারীর হাতে তুলে দেন। এ ছাড়া তাঁরা কার্ড দুটি ইউপি সদস্যকে ফিরিয়ে দিয়ে তা ওই দুই নারীর নামে করে দিতে বলেন। এ ঘটনা ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামে।
আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আমিনুল ও জমিদার পৌর শহরে কাঁচামালের ব্যবসা করেন। কিছু জমিও আবাদ করেন। দুজনেরই পরিবার সচ্ছল। পাকা বাড়িও করেছেন। এরপরও তাঁদের নামে ওই কার্ড দেওয়া হয়েছিল।
আমিনুল বলেন, ‘জনপ্রতিনিধির কাছে আমি কার্ড চাইনি। তবুও যখন কার্ড পাই, তখন ভেবেছিলাম হয়তো আমাদের জন্যই এ কার্ড। গত সপ্তাহে ৩০০ টাকায় ৩০ কেজি চাল উত্তোলন করে বাড়িতে নিয়ে আসি। পরে শুনি কার্ড আমাদের জন্য নয়, খুব গরিব মানুষের জন্য। খোঁজ নিয়ে দেখি, গ্রামের অনেক গরিব মানুষ কার্ড পাননি। বিবেকের তাড়নায় চাল ও কার্ড ফেরত দিই এবং গ্রামের সবচেয়ে গরিব এক নারীর নামে তা দিতে মেম্বারকে বলি। মেম্বার আমার কথামতো ওই গরিব নারীর নামে কার্ডটি করে দিয়েছেন।’
জমিদার বলেন, ‘কার্ড পেয়ে না বুঝেই প্রথমে ওই চাল উত্তোলন করেছিলাম। পরে শুনি, যার কিছু নেই তার জন্য সরকার ওই কার্ড দিয়েছে। আমি শহরে কাঁচামালের ব্যবসা করি, টুকটাক জমি আবাদ করি। আল্লাহর রহমতে সংসার ভালোই চলে। চাল তোলার পর থেকে রাতে ঘুমাতে পারিনি। ভাবি, গরিবের হক আমি খাব কেন? তাই মেম্বারের উপস্থিতিতে গ্রামের দরিদ্র এক নারীর হাতে উত্তোলন করা চাল তুলে দিয়েছি।’
ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই কাঁচামাল ব্যবসায়ীর নামে থাকা কার্ড তাঁদের ইচ্ছে অনুযায়ী বাতিল করে গ্রামের দুই হতদরিদ্র নারী সেলিনা বেগম (৪৫) ও বুলবুলি বেগমের (৩৫) নামে করে দিয়েছি। আগে উত্তোলন করা চালও ওই দুই নারীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমিনুল ও জমিদারের নামে কার্ড করা ঠিক হয়নি।’
নতুন কার্ড পেয়ে বুলবুলি বলেন, ‘মোর স্বামী খুব খাটো (বেঁটে) মানুষ। কাঁয়ো তাক কাজ-কামোত নিবার চায় না। দুইটা ছইল স্কুলোত পড়ে। মানুষের ভিটাত ঝুপড়ি একটা ঘর তুলি আছি। ১০ টাকা কেজির চালের কার্ডের জন্য কত ঘুরছি, দেয় নাই। যাঁর অভাব নাই তাঁয় বুঝবার পায়া কার্ড মেম্বারোক ঘুরি (ফেরত) দেছে। সেই কার্ড মেম্বার মোর নামে করি দেছে। চালও দেছে। আল্লাহ ওমার ভালো করুক।’ সেলিনা বলেন, ‘আগোত হামাক কার্ড দেয় নাই। এ্যালা চাল-কার্ড পায়া খুব উপকার হইল।’
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সদস্যসচিব মকবুল হোসেন বলেন, ‘শুনেছি, ওই গ্রামে ওই দুই ব্যক্তির পাকা বাড়ি রয়েছে। তাঁরা কার্ড পেয়ে চাল তোলার পরও নিজে না খেয়ে হতদরিদ্র মানুষকে দিয়েছেন। এটা একটা বিরল দৃষ্টান্ত। এ রকম যাঁরা সচ্ছল মানুষ কার্ড পেয়েছেন, তাঁরা যদি স্বেচ্ছায় কার্ড ফিরিয়ে দিতেন তাহলে হয়তো দুর্নীতিপরায়ণ জনপ্রতিনিধিরা লজ্জা পেতেন।’