স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণ গণ-আন্দোলনের মাধ্যমে সরকার পতনের মঞ্চ তৈরি করবে।গতকাল গতকাল রোববার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব এ আহ্বান জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দলটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গ্রেপ্তারের পর থেকে সাকা চৌধুরীর ওপর পুলিশ অমানবিক নির্যাতন করেছে বলে খোন্দকার দেলোয়ার অভিযোগ করেছেন।আত্মগোপনে থাকা সাকা চৌধুরীকে গত বুধবার রাতে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে মগবাজারে গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলার ঘটনায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।গতকালের সমাবেশে খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকারের নির্দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নাৎসি বাহিনীর মতো আচরণ করছে পুলিশ। সব ক্ষেত্রে দলীয়করণ এমন পর্যায়ে পৌঁছেছে, মনে হয় দেশটা কেবল একটি দলের নেতা ও সমর্থকদের জন্য। তিনি অভিযোগ করেন, সাকা চৌধুরীর ওপর নির্যাতনের বিষয়ে পুলিশের বক্তব্য সঠিক নয়। তাঁকে সামনে আনলে সবকিছু প্রমাণিত হয়ে যাবে।বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস, যুগ্ম মহাসিচব আমানউল্লাহ, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, এম ইলিয়াস আলী, অর্থসম্পাদক আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ বক্তব্য দেন।