স্বেচ্ছায় ছয় শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ গ্যাস-সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করলে ব্যবস্থা নেওয়া হবে না—এমন ঘোষণার পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসব সংযোগ অপসারণ শুরু হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার রাখালিয়াচালা, হাবিবপুর, হরতুকিতলা, ভাতারিয়া, কারলসুরিচালা গ্রামে ছয় শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ স্বেচ্ছায় অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। কয়েক দিন ধরে মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে, যাঁরা অবৈধভাবে গ্যাস-সংযোগ ব্যবহার করে আসছেন, তাঁরা যেন স্বেচ্ছায় তা বিচ্ছিন্ন করেন। যাঁরা স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করবেন, তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে না। আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও মামলা দায়ের করা হবে। এ পরিপ্রেক্ষিতে গত বুধবার থেকে উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দারা স্বেচ্ছায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করছেন। বুধবার রাখালিয়াচালা এলাকায় গ্রামবাসী নিজেরাই অবৈধ ২৫০টি সংযোগ বিচ্ছিন্ন করেন। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ হাজার ২০০ রাইজার (গ্যাস-সংযোগের যন্ত্রাংশ) খোলা হয় এবং প্রায় ১ হাজার ফুট গ্যাসপাইপ উত্তোলন করা হয়। এ ছাড়া সাড়ে তিন শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ অপসারণ করা হয়।
আঞ্চলিক কার্যালয়টির ব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, যাঁরা অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করবেন না, অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।