স্বেচ্ছায় না গেলে প্রশাসন বাধ্য করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে, না হয় প্রশাসনই আশ্রয়কেন্দ্র সরিয়ে নেবে। গতকাল শনিবার বান্দরবানের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতিতে গিয়ে বাসিন্দাদের এমন বার্তা দিয়েছে জেলা প্রশাসন। বাসিন্দাদের সতর্ক করার এই অভিযান যৌথভাবে পরিচালনা করছে জেলা প্রশাসন ও পৌরসভা।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন গত সোমবার রাত ও মঙ্গলবার সকালে ভয়াবহ পাহাড়ধসের ঘটনার পর পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা বসবাস করছে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের স্বেচ্ছায় সরে যেতে বলা হচ্ছে।

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম আলী নূর। তিনি বলেন, যারা ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে তাদের রাতের (গতকাল) মধ্যে  সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে তাদের প্রশাসনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুর রহমান বলেছেন গতকাল কালাঘাটা, বড়ুয়ার টেক, বীর বাহাদুর নগর, রাজার গোধা, সরকারি শিশু পরিবার এলাকায় অভিযান চালানো হয়েছে। সেখানে ঝুঁকিপূর্ণ বসবাসে ৪৫ থেকে ৫০ পরিবারকে পাওয়া গেছে। তাদের আশ্রয়কেন্দ্রে অথবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোর তালিকাও তৈরি করছিলেন তাঁরা।