স্বেচ্ছায় পদাবনতি নিলেন দুই উপ-কর কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব চাকরিজীবীর লক্ষ্য থাকে ওপরের পদ। কিন্তু ব্যতিক্রম চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ। কর আদায়কারী থেকে উপ-কর কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে আবার স্বেচ্ছায় নিচের পদে ফিরে গেছেন এই বিভাগের দুজন। তাঁরা এখন আবার কর আদায়কারীর পদ গ্রহণ করেছেন। এই দুজন হলেন: সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের উপ-কর কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং ৫ নম্বর কর-অঞ্চলের উপ-কর কর্মকর্তা মো. নজরুল ইসলাম। গত বছরের এপ্রিল মাসে কর আদায়কারীর পদ থেকে এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে জসিম উদ্দিন কিছুদিন পরই পদাবনতি নেন। চলতি মাসের প্রথম সপ্তাহে পদাবনতি নেন নজরুল ইসলাম। স্বেচ্ছায় পদাবনতি নেওয়ার কারণ জানতে চাইলে জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি সারা জীবন মাঠে কাজ করেছি। এখন আমাকে মূল কার্যালয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে আমি নিজেকে মানাতে পারছি না। তাই কর আদায়কারীর পদই বেছে নিয়েছি।’ অতিরিক্ত টাকা আদায়ের জন্য মাঠের কাজ বেছে নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আজকাল অনেক উপ-কর কর্মকর্তা ও কর কর্মকর্তাও পয়সা কামানোর জন্য মাঠে-ময়দানে ঘুরে বেড়ান।’খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জসিম উদ্দিন সরাইপাড়া ওয়ার্ডের কর আদায়কারী এবং নজরুল ইসলাম চান্দগাঁও ওয়ার্ডের কর আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, দুই বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের চারটি কর-অঞ্চলকে ভাগ করে আটটি করা হয়েছে। এতে উপ-কর কর্মকর্তা ও কর কর্মকর্তাদের অধীনে ওয়ার্ডের সংখ্যা কমে গেছে। ফলে উপ-কর কর্মকর্তারা আর আগের মতো ‘উপরি’ আয়ের সুবিধা পান না। কিন্তু কর আদায়কারীর পদে নগদ ‘আয়ের’ সম্ভাবনা বেশি। ফলে সম্মানজনক পদ বাদ দিয়ে তাঁরা অধস্তন পদে কাজ করছেন।সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, বাইরে তাঁদের অনেক সুযোগ-সুবিধা। এখানে তা নেই। এ জন্য তাঁরা অফিসে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।