স্বেচ্ছায় পাঠানো নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের তাদের আদি বাসস্থান রাখাইনে প্রত্যাবাসনের জন্য জানুয়ারিতে প্রাথমিক সময়সীমা ঠিক করেছিল বাংলাদেশ ও মিয়ানমার। কিন্তু রাখাইনে এখনো যে অনিশ্চয়তা রয়েছে, তা ২২ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের স্বেচ্ছায় আর নিরাপদে ফিরতে উদ্বুদ্ধ করবে না। তা ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগে তাদের পরিচয় যাচাইসহ আনুষঙ্গিক বেশ কিছু কাজও বাকি।

ঢাকা ও ইয়াঙ্গুনের কূটনৈতিক সূত্রগুলো গত শনিবার ও গতকাল রোববার এই প্রতিবেদককে জানিয়েছে, জানুয়ারিতে না হলেও যেনতেনভাবে ফেব্রুয়ারিতেই প্রত্যাবাসন শুরু করতে উঠেপড়ে লেগেছে মিয়ানমার। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের মংডুর দুই গ্রাম তং পিউ লেত ওয়ায়ে এবং গা খু য়াতে অভ্যর্থনাকেন্দ্র তৈরি করে শ পাঁচেক লোকের থাকার ব্যবস্থা হয়েছে। তবে মিয়ানমার বলছে, শুরুতে বাংলাদেশে আশ্রয় নেওয়া হিন্দু সম্প্রদায়ের শ চারেক লোককে ফিরিয়ে নেওয়া হবে। বাকিদের আনা হবে পরবর্তী ধাপে।

মিয়ানমারের এই দুরভিসন্ধির পেছনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেয়ে আন্তর্জাতিক চাপকে ভিন্নধারায় প্রবাহিত করাটাই মূল লক্ষ্য। কারণ, বাড়িঘর নিশ্চিহ্ন হওয়া, জীবিকার অভাব আর এখনো যে রকম ভীতিকর পরিবেশ মিয়ানমারে আছে তাতে বিপুলসংখ্যক রোহিঙ্গার ফেরার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে মিয়ানমার আন্তর্জাতিক পরিসরে দেখাতে চাইবে, আমরা ফেরাতে রাজি হলেও রোহিঙ্গারা ফিরছে না।

রাখাইনে সান্ধ্য আইনের পরিধি দুই মাসের জন্য বাড়ানো, রোহিঙ্গাদের খেতের ধান সরকারের লোকজনের কেটে নেওয়া, মিয়ানমার সেনাবাহিনীর টহল ও উচ্ছৃঙ্খল লোকজনের পাহারা সব মিলিয়ে এখনো সেখানে একধরনের ভীতিকর পরিস্থিতি রয়েছে বলে বাংলাদেশের কূটনীতিকদের মত। এরপরও প্রত্যাবাসনের প্রস্তুতি এগিয়ে নেওয়া জরুরি। কারণ, পরিস্থিতির উন্নতির মধ্যবর্তী সময়টায় প্রস্তুতি পর্ব শেষ করতে জোর দিচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনীতিক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মিয়ানমারের বর্তমান এই আবহের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বাংলাদেশ জানুয়ারির মাঝামাঝিতে শুরু করতে আগ্রহী। ওই বৈঠক হলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মাঠপর্যায়ের চূড়ান্ত চুক্তিটি তৈরি করা হবে।

২৫ আগস্ট এবারের রোহিঙ্গা সংকট সামনে আসার পর গত চার মাসের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যায়, নানা টালবাহানা ও দীর্ঘসূত্রতার পর শেষ পর্যন্ত মিয়ানমার চুক্তি করতে বাধ্য হয়েছে। এখন চুক্তির বাধ্যবাধকতা মেনে প্রত্যাবাসন শুরু করলেও সমস্যার স্থায়ী সমাধানের পথে মিয়ানমার সহজে যাবে না। এ ক্ষেত্রে অব্যাহত আন্তর্জাতিক চাপ ধরে রাখার উপযোগিতা কমেনি। আর এই চাপ অব্যাহত থাকলেও মিয়ানমারের পক্ষে অতীতের মতো দীর্ঘসূত্রতার কৌশল অবলম্বন করে পার পাওয়া সম্ভব নয়। এখন চাপটা ধরে রাখতে হলেও বাংলাদেশকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

রোহিঙ্গা সমস্যাটি যে দ্বিপক্ষীয় নয়, আন্তর্জাতিক; সেটা বাংলাদেশ এখন পর্যন্ত সফলভাবে করতে পেরেছে। বিশেষ করে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘকে কেন্দ্র করে বাংলাদেশের পদক্ষেপের ফলে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রাতিষ্ঠানিক একটি ভিত্তি তৈরি হয়েছে। নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত আর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সত্যানুসন্ধান মিশন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলোর অন্যতম অংশ। ফলে যেনতেনভাবে কয়েক শ থেকে কয়েক হাজার রোহিঙ্গাকে ফেরত নিয়ে পুরো সমস্যাটা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা মিয়ানমারের জন্য সহজ হবে না। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত আর সত্যানুসন্ধান মিশনকে নিজেদের স্বার্থেই নির্ধারিত সময় পরপর পরিস্থিতির হালনাগাদ বিশ্লেষণ করে যেতে হবে। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশকে জাতিসংঘের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। অভ্যন্তরীণ কোনো কারণে বাংলাদেশ যদি রোহিঙ্গা সমস্যার বিষয়ে গুরুত্ব কমিয়ে না দেয়, তবে ভবিষ্যতেও মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশের প্রচেষ্টাও থামবে না। সে ক্ষেত্রে মিয়ানমারকে নিজের অবস্থানের পরিবর্তন করতে হবে।