স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন অনেকে, আরও প্রয়োজন
সাভারে বহুতল ভবন ধসে আহত ব্যক্তিদের বাঁচাতে রক্ত দিতে এগিয়ে এসেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তবে এখনো অনেক রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মাইকে ঘটনাস্থলে বলেন, জরুরি ভিত্তিতে ৫০০ ব্যাগ রক্ত প্রয়োজন। উদ্ধারকাজে নিয়োজিত সেনাদলের তত্ত্বাবধায়ক নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দীও রক্তের প্রয়োজন বলে জানান। সব সরকারি-বেসরকারি হাসপাতালকে রক্ত সংগ্রহ করে রাখারও আহ্বান জানান তিনি।এদিকে বিকেল থেকেই শাহবাগের গণজাগরণ মঞ্চ, সন্ধানী, পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে রক্ত দিতে ভিড় করেছেন অনেক সাধারণ মানুষ। তাঁদের বেশির ভাগই ছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিভিন্ন সংবাদমাধ্যমে রক্ত দেওয়ার অনুরোধ জানানোর পর মানুষ সেবার মনোভাব নিয়ে এগিয়ে যান। ঘটনার পর থেকে এনাম মেডিকেল কলেজে রক্ত সংগ্রহ করা হয়েছে। কলেজের শিক্ষার্থীসহ অনেকেই রক্ত দিয়েছেন। সাভারের বন্ধুসভার সদস্যরা এনাম মেডিকেল কলেজের ফটকে বসে রক্ত সংগ্রহ করছেন। ঘটনার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে রক্ত সংগ্রহ কর্মসূচি শুরু করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে রক্ত সংগ্রহে ক্যাম্প খোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ ক্যাম্পে রক্ত দেওয়ার জন্য ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে রক্ত দিতে বলা হয়েছে। ড্যাবের পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিকেলে রক্ত সংগ্রহ কর্মসূচি শুরু হয়। স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত ব্যক্তিদের জন্য তারা বিনা মূল্যে রক্ত সরবরাহ করবে। এ ছাড়া যে কেউ ০১৭১৪-০১০৮৬৯ নম্বরে যোগাযোগ করে রক্ত দিতে পারবেন।