স্বেচ্ছায় রক্তাদাতাদের সম্মাননা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন
‘রক্ত দিয়ে একটি জীবনকে প্রস্ফুটিত করার আনন্দই আলাদা। নিঃস্বার্থ দান যে কত বড় মহত্ গুণ তা আমরা অনেক সময় বুঝি না। রক্তদান এরকম একটি নিঃস্বার্থ দান।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ। কোয়ান্টাম ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। কোয়ান্টাম ফাউন্ডেশন ২৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ১৪ জন ও ১০ বার রক্তদান করেছেন এমন ৩০০ জনকে সম্মাননা দেয়।অধ্যাপক মোজাফ্ফর আহমদ সম্মাননাপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, রক্ত দিয়ে আপনারা মানুষের জীবন বাঁচানোর মহত্কর্মে নিবেদিত আছেন। স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, রক্ত দিয়ে মানুষের জীবন যেমন বাঁচানো যায়, তেমনি জীবন বিপন্নও করে তোলা যায়। এ জন্যই নিরাপদ রক্ত পরিসঞ্চালন এত গুরুত্বপূর্ণ। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ বলেন, অনেক কিছুর বিকল্প আবিষ্কার হলেও রক্তের কোনো বিকল্প আবিষ্কার হয়নি। রক্তদানে উদ্বুদ্ধ করতে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা আচার্য পরেশচন্দ্র মণ্ডল। স্বেচ্ছা রক্তদাতা সুস্মিতা হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।