বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান তাবানী বেভারেজ কোম্পানি লিমিটেডের (টিবিসিএল) ১৯৪ জন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীকে স্বেচ্ছায় অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা কোকা-কোলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এই ১৯৪ জনের মধ্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ২৩ জন সন্তান রয়েছেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এইচ আলম বলেন, তাবানী বেভারেজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এসব কর্মকর্তা, কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের প্রধান কার্যালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ ট্রাস্ট পরিচালিত অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট কল্যাণ ট্রাস্ট নির্বাহী কমিটি তাবানীর এই ১৯৪ জন শ্রমিক-কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এম এইচ আলম আরও বলেন, কোকা-কোলার দেওয়া ক্ষতিপূরণ থেকে প্রতি মাসে এক কোটি টাকার বেশি লভ্যাংশ পাওয়া যায়। ট্রাস্ট পরিচালিত অন্য প্রতিষ্ঠানগুলোও এখন লাভজনক। তার পরও তাবানীর কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় অবসরে পাঠানোর এ সিদ্ধান্ত অযৌক্তিক। তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালকের কাছে দাবি জানান।
সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল আজাদ, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।