স্বৈরতন্ত্র গেলেও গণতন্ত্র মুক্তি পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘নব্বইয়ের গণ-অভ্যুত্থান: কী চেয়েছি কী পেয়েছি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় (বাঁ থেকে) সে সময়ের ছাত্রনেতা বজলুর রশিদ, আবদুল্লাহ আল কাফী, মোস্তাফিজুর রহমান, অসীম কুমার উকিল, নাজমুল হক প্রধান, শামসুজ্জামান দুদু, জহিরউদ্দিন স্বপন ও মোশরেফা মিশু l প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘নব্বইয়ের গণ-অভ্যুত্থান: কী চেয়েছি কী পেয়েছি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় (বাঁ থেকে) সে সময়ের ছাত্রনেতা বজলুর রশিদ, আবদুল্লাহ আল কাফী, মোস্তাফিজুর রহমান, অসীম কুমার উকিল, নাজমুল হক প্রধান, শামসুজ্জামান দুদু, জহিরউদ্দিন স্বপন ও মোশরেফা মিশু l প্রথম আলো

নব্বইয়ের গণ-আন্দোলনে পতন হয়েছিল স্বৈরাচার এরশাদের। ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ছাত্ররা। কিন্তু এর প্রাপ্তি কী? ২৫ বছর পর এসে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতারা বলছেন, স্বৈরতন্ত্র নিপাত হলেও গণতন্ত্র মুক্তি পায়নি।
‘নব্বইয়ের গণ-অভ্যুত্থান: কী চেয়েছি কী পেয়েছি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি ও বর্তমান সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসন আসে। স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা হয়। শুরু হয় রাজনীতিতে ধর্মের ব্যবহার। সেই ধারাবাহিকতায় ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতায় আসেন। কিন্তু বাংলাদেশের ছাত্ররা শুরু থেকেই এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছেন।
নাজমুল হক বলেন, ‘স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার আমাদের দুটি লক্ষ্য ছিল—একটি অবৈধ সামরিক সরকারকে উৎখাত করা, আরেকটি সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে আনা। ওই আন্দোলনে আমরা জামায়াতকে সঙ্গে নিইনি। কিন্তু এরশাদের পতনের পর আমরা দেখলাম, ক্ষমতায় এসে বিএনপি জামায়াতের সঙ্গে জোট করেছে।’
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল, তার পুরোটাই হয়তো আমরা পাইনি। এর একটা বড় কারণ সর্বদলীয় ছাত্র ঐক্য টিকে না থাকা। তবে নব্বইয়ের আন্দোলনের কারণে আজকে রাতের আঁধারে কেউ ক্ষমতায় যেতে ভয় পায়। এটাও একটা অর্জন।’
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান বলেন, ‘গণতন্ত্র আর স্বাধিকার আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের জন্ম। কিন্তু সেই বাংলাদেশেই আজকে ভোট দেওয়ার অধিকার নেই। মানুষের কথা বলার অধিকার নেই। বিএনপির বিরুদ্ধে জামায়াতকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়। কিন্তু ’৮৬ সালে আর ’৯৪ থেকে ’৯৬ পর্যন্ত আওয়ামী লীগও জামায়াতকে নিয়ে আন্দোলন করেছে।’ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আজকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করানো হয়েছে উন্নয়নকে। কিন্তু এভাবে অতীতে কেউ টিতে থাকতে পারেনি। এখনো পারবে না।’
ছাত্র ইউনিয়নের সাবেক সহকারী সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী বলেন, ‘আজকে বড় দুই দলের একটার সঙ্গে স্বৈরাচার, আরেকটার সঙ্গে রাজাকার। এরশাদ যে নীতি নিয়ে ক্ষমতায় ছিলেন, ২৫ বছর ধরে প্রায় সেই নীতিতেই সরকারগুলো চলছে। বরং এরশাদ-জিয়ার আমলেও ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে সেই নির্বাচনও হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন নির্বাচন হচ্ছে। এগুলো ভয়ংকর দিক। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গেই চলতে হবে।’
ছাত্র ঐক্য ফোরামের সাবেক সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘নব্বইয়ের সামরিক সরকারকে আমরা হটাতে পারলেও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ২৫ বছর ধরে যে স্বৈরতন্ত্র চলছে, সেটিকে আমরা পরাজিত করতে পারিনি। রাজাকার ও স্বৈরাচার এখন রাজনৈতিকভাবে পুনর্বাসিত। এরশাদকে হটাতে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সঙ্গে আমরা প্রতারণা করেছি। যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছি, তা বাস্তবায়িত হয়নি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশিদ বলেন, ‘নব্বইয়ে স্বৈরাচারের পতন হলেও বিধিবিধানগুলো বদলায়নি। প্রধান দলগুলোর মধ্যে ক্ষমতার প্রত্যাশা থাকলেও গণতন্ত্রের প্রত্যাশা সেভাবে ছিল না। ফলে ২৫ বছর পেরিয়ে গেলেও আমরা কার্যকর গণতন্ত্র পাইনি। মৌলিক অধিকারগুলো সংরক্ষিত হয়নি। এরশাদ যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছেন, একইভাবে অপারেশন ক্লিন হার্ট বা ক্রসফায়ার চলছে। নব্বইয়ের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী শক্তির ঐক্য দরকার।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের ছাত্র গণ-অভ্যুত্থান—দুটির পেছনেই গণতন্ত্রের দাবি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই গণতন্ত্র আজ নির্বাসিত। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়তে হবে।’
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি জহিরউদ্দিন স্বপন বলেন, ‘বিভিন্ন সময়ে আন্দোলনে বিজয় এলেও জনগণের ক্ষমতায়ন কখনো হয়নি। সামরিক স্বৈরশাসন নিয়ে আমাদের আপত্তি থাকলেও আমরা বেসামরিক স্বৈরশাসন মেনে নিয়েছি। ’৮৬ সালে এরশাদ ক্ষমতায় থাকার জন্য যেমন নির্বাচন করেছিলেন, ২০১৪ সালে সেভাবেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে। আজকে দেশে যা চলছে, সেটাকে তো স্বৈরশাসন বলা যাবে না। তাহলে এর নাম কী? সেই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই সব সমস্যার সমাধান হবে।’
বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।