স্বৈরতন্ত্র নিপাত গেলেও গণতন্ত্র মুক্তি পায়নি
নব্বইয়ের গণ-অভ্যুত্থানে পতন হয়েছিল স্বৈরাচার এরশাদের। ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছাত্ররা। কিন্তু এর প্রাপ্তি কী? ২৫ বছর পর এসে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতারা বলছেন, স্বৈরতন্ত্র নিপাত গেলেও গণতন্ত্র মুক্তি পায়নি।
‘নব্বইয়ের গণ-অভ্যুত্থান: কী চেয়েছি কী পেয়েছি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি ও বর্তমান সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসন আসে। স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা হয়। শুরু হয় রাজনীতিতে ধর্মের ব্যবহার। সেই ধারাবাহিকতায় ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতায় আসেন। কিন্তু বাংলাদেশের ছাত্ররা শুরু থেকেই এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছে। তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার সময় আমাদের দুটি লক্ষ্য ছিল। একটি অবৈধ সামরিক সরকারকে উৎখাত করা; আরেকটি সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে আনা। ওই আন্দোলনে আমরা জামায়াতকে সঙ্গে নিইনি। কিন্তু এরশাদের পতনের পর আমরা দেখলাম ক্ষমতায় এসে বিএনপি জামায়াতের সঙ্গে জোট করেছে।’

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল তার পুরোটাই হয়তো আমরা পাইনি। এর একটা বড় কারণ, সর্বদলীয় ছাত্র ঐক্য টিকে না থাকা। তবে ৯০-এর আন্দোলনের কারণে আজকে রাতের আঁধারে কেউ ক্ষমতায় যেতে ভয় পায়। এটাও একটা অর্জন।’ ধর্মান্ধ শক্তির বিষফোড়া উপড়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান বলেন, ‘গণতন্ত্র আর স্বাধিকার আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের জন্ম। কিন্তু সেই বাংলাদেশেই আজকে ভোট দেওয়ার অধিকার নেই। মানুষের কথা বলার অধিকার নেই। বিএনপির বিরুদ্ধে জামায়াতকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়। কিন্তু ৮৬ সালে আর ৯৪ থেকে ৯৬ পর্যন্ত আওয়ামী লীগও জামায়াতকে নিয়ে আন্দোলন করেছে।’ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আজকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করা হয়েছে উন্নয়নকে। কিন্তু এভাবে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। এখনো পারবে না।’
ছাত্র ইউনিয়নের সাবেক সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী বলেন, ‘আজকে বড় দুই দলের একটার সঙ্গে স্বৈরাচার, আরেকটার সঙ্গে রাজাকার। এরশাদ যে নীতি নিয়ে ক্ষমতায় ছিলেন গত ২৫ বছর ধরে প্রায় সেই নীতিতেই সরকারগুলো চলছে। বরং এরশাদ-জিয়ার আমলেও ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে সেই নির্বাচনও হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন নির্বাচন হচ্ছে। এগুলো ভয়ংকর দিক। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গেই চলতে হবে।’
ছাত্র ঐক্য ফোরামের সাবেক সভাপতি মোশারেফা মিশু বলেন, ‘৯০-এর সামরিক সরকারকে আমরা হটাতে পারলেও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ২৫ বছর ধরে যে স্বৈরতন্ত্র, সেটিকে আমরা পরাজিত করতে পারিনি। রাজাকার ও স্বৈরাচার এখন রাজনৈতিকভাবে পুনর্বাসিত। এরশাদকে হটাতে যারা শহীদ হয়েছেন, তাদের সঙ্গে আমরা প্রতারণা করেছি। যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছি তা বাস্তবায়িত হয়নি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশিদ বলেন, ৯০-এ স্বৈরাচার পতন হলেও বিধিবিধানগুলো বদলায়নি। প্রধান দলগুলোর মধ্যে ক্ষমতার প্রত্যাশা থাকলেও গণতন্ত্রের প্রত্যাশা সেভাবে ছিল না। ফলে ২৫ বছর পেরিয়ে গেলেও আমরা কার্যকর গণতন্ত্র পাইনি। মৌলিক অধিকারগুলোও সংরক্ষিত হয়নি। এরশাদ যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, একইভাবে অপারেশন ক্লিনহার্ট বা ক্রসফায়ার চলছে। ৯০-এর চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী শক্তির ঐক্য দরকার।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ কিংবা ৯০-এর গণ অভ্যুত্থান দুটোর পেছনেই গণতন্ত্রের দাবি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই গণতন্ত্র আজ নির্বাসিত। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়তে হবে।’
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি জহিরউদ্দিন স্বপন বলেন, ‘বিভিন্ন সময়ে আন্দোলনে বিজয় এলেও জনগণের ক্ষমতায়ন কখনো হয়নি। সামরিক স্বৈরশাসন নিয়ে আমাদের আপত্তি থাকলেও আমরা বেসামরিক স্বৈরশাসন মেনে নিয়েছি। ৮৬ সালে এরশাদ ক্ষমতায় থাকার জন্য যেমন নির্বাচন করেছিলেন, ২০১৪ সালে সেভাবেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে। আজকে দেশে যা চলছে সেটাকে তো স্বৈরশাসন বলা যাবে না। তাহলে এর নাম কী? সেই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই সব সমস্যার সমাধান হবে।’
বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ূম। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ বি এম জাকারিয়া ও সহকারী সম্পাদক মশিউল আলম বক্তব্য দেন।