স্বৈরশাসককে সঙ্গে নিয়ে গণতন্ত্র চলতে পারে না: মিলনের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম মৃত্যুবার্ষিকীতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে আলোচনা সভার আয়োজন করে শহীদ ডা. মিলন সংসদ l ছবি: প্রথম আলো
ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম মৃত্যুবার্ষিকীতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে আলোচনা সভার আয়োজন করে শহীদ ডা. মিলন সংসদ l ছবি: প্রথম আলো

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মা সেলিনা আখতার বলেছেন, ‘মিলনের আত্মদানের ফলে সেদিনের সেই গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। নিশ্চিত হয়েছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ। অথচ সেই স্বৈরশাসকই আজ গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় ব্যবস্থার অংশীদার। আমার কাছে এটা অসহনীয়। একজন মা ছাড়া এই দুঃখ অন্য কেউ বুঝতে পারবে না।’
গতকাল শুক্রবার শহীদ ড. মিলন দিবসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ ডা. মিলন সংসদ। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ডা. মিলনের মৃত্যুর মধ্য দিয়ে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে চলা আন্দোলন চূড়ান্ত রূপ পায়। গণ-অভ্যুত্থানের ভয়ে ভীত এরশাদের ক্যাডাররা এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গুলি করে হত্যা করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক মিলনকে। এরশাদের দল জাতীয় পার্টি এখন সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায়। আর এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।
সেলিনা আখতার বলেন, ‘একজন স্বৈরশাসককে সঙ্গে নিয়ে গণতন্ত্র চলতে পারে না। এটা হলে এই গণতন্ত্র একদিন মুখ থুবড়ে পড়বে।’ তাই ‘গণতন্ত্রের স্বার্থেই’ এরশাদের বিচার হওয়া প্রয়োজন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি তাঁর বক্তব্যে যুদ্ধাপরাধের বিচার, জঙ্গিবাদ ও বিএনপি-জামায়াতের সঙ্গে এর সংশ্লিষ্টতা, এমনকি স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে অভিহিত করলেও এরশাদ কিংবা তাঁর বিচারের প্রসঙ্গে কোনো কথা বলেননি।
আলোচনা সভার সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, এরশাদের বিচার অবশ্যই করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, খুব অল্প মানুষই আছে যারা তাদের সাহসকে অন্যের মধ্যে সঞ্চারিত করতে পারে। মিলন ছিলেন তাদেরই একজন। এদিকে শহীদ ডা. মিলন দিবসে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিলনের কবরে এবং টিএসসির মিলন চত্বরের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব মৈত্রীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। দিবসটি স্মরণে টিএসসির সড়কদ্বীপে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।