স্বৈরাচার পতন দিবস আজ
আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এই দিনে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন। এর মধ্য দিয়ে এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান হয়। ১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান এরশাদ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার দিবসটি উপলক্ষে এক বাণীতে গণতন্ত্র ও অধিকার আদায়ের সব আন্দোলনে জীবন উৎসর্গকারী দেশপ্রেমী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।বিএনপি, সিপিবিসহ বেশ কিছু রাজনৈতিক দল দিবসটি উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।বিএনপি আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। স্বৈরাচার পতন দিবস উপলক্ষে সিপিবি আজ বিকেলে পুরানা পল্টনের মুক্তি ভবনে আলোচনা সভা করবে।তবে জাতীয় পার্টি ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে দিনটি পালন করবে। এ উপলক্ষে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আলোচনা সভা হবে। এ সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।