স্বৈরাচার পতনের ২০ বছরেও গণতন্ত্র মুক্তি পায়নি। প্রতিটি রাজনৈতিক দল পতিত স্বৈরাচারকে নানাভাবে পুনর্বাসিত করেছে। এ কারণে ১৯৯০-৯১ সালে রাজনীতিবিদেরা যে সম্মান অর্জন করেছিলেন, তা ভূলুণ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীতে স্বৈরাচার পতন দিবসের এক আলোচনা সভার সমাপনী দিবসে বক্তারা এ কথা বলেছেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, বোস্টন পিস আইল্যান্ড ফাউন্ডেশন ও চিন্তা ‘সামরিক স্বৈরাচার পতনের ২০ বছর’ শীর্ষক দুই দিনব্যাপী এই আলোচনার আয়োজন করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আক্তার ছেলে হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, এরশাদ সরকারের পতনের পর ২০ বছর পেরিয়ে গেছে। কিন্তু প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।বোস্টন পিস আইল্যান্ড ফাউন্ডেশনের সভাপতি জর্জ ক্যাটসিয়াফিকাস বলেন, বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন অন্যান্য দেশে আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল। ‘দেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে।