স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর সাহসী ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তাঁর অকালপ্রয়াণে রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হয়েছে। জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সাত্তার টিংকুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদের সভাপতি জামশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। আলোচনায় অংশ নেন জাহাঙ্গার সাত্তার টিংকুর তনয়া শ্রেয়সী শেহেরিন সাত্তার।
মহিউদ্দিন চৌধুরী বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাহাঙ্গীর সাত্তার জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন। ৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশের সব মানুষ অংশ নিয়েছিল। জাহাঙ্গীর সাত্তার কান্ডারির ভূমিকায় ছিলেন। তাঁর ভূমিকা ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এম এ সালাম বলেন, একাত্তরের আগে ছাত্ররাজনীতির একটি সাহসী ধারা ছিল। তখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ছাত্রসমাজ গর্জে উঠেছিল। যার ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ স্বৈরাচারের কবলে চলে যায়। ১৯৯০ সালে ছাত্রসমাজ স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। ওই আন্দোলনে জাহাঙ্গীর সাত্তার টিংকুর ভূমিকা জাতি স্মরণ রাখবে।
জাহাঙ্গীর সাত্তারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর ও গ্রামের বাড়ি রাউজানেও বিভিন্ন কর্মসূচি নেয় জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদ। এ উপলক্ষে গত বুধবার রাউজানে গ্রামের বাড়ি কদলপুরে অবস্থিত তাঁর কবরে স্মৃতি পরিষদের সদস্যরা ফাতেহা পাঠ করেন ও ফুল দেন। পারিবারিক মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।