স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা
১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন এরশাদ সরকারের মজিদ খান শিক্ষানীতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে ‘স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস’ পালন করেছে ছাত্রসংগঠনগুলো।
গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। কয়েকটি ছাত্রসংগঠন যৌথভাবে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল করে।
গতকাল দুপুরে জোটের সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, সরকার সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে পাঠ্যপুস্তকের মাধ্যমে কোমলমতি শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনকে দমনের জন্য রাষ্ট্রীয় বলপ্রয়োগের নীতি গ্রহণ করেছে সরকার। স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকে এসব অগণতান্ত্রিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি নাইমা খালেদ ও অন্য অংশের সভাপতি ইমরান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে কার্জন হল ও হাইকোর্টের মোড়ের শিক্ষা অধিকার চত্বরে শহীদদের স্মরণে ফুল দেন বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।