স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তথ্যচিত্র প্রদর্শনী ও মিছিল-সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রসংগঠন গতকাল সোমবার ক্যাম্পাসে আলাদাভাবে এসব কর্মসূচি পালন করে।জানা গেছে, সকাল ১০টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শাবিপ্রবি শাখা ক্যাম্পাসের অর্জুনতলায় তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী চলে বিকেল চারটা পর্যন্ত।দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রফ্রন্ট অর্জুনতলা থেকে মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে গোলচত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখার আহ্বায়ক কপিল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান, শাবিপ্রবি শাখার ছাত্রনেতা কাজল দাশ, অনীক ধর। সমাবেশ সঞ্চালন করেন তামান্না আহমদ।এদিকে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদলও স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে।