
২০১৫ সালের ১৫ মে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা চালু করা হয়েছিল রাজধানীর কাকলী থেকে শাহবাগ পর্যন্ত ১১টি পয়েন্টে। কিন্তু চালুর পরেই তীব্র যানজটে পুরো ঢাকা স্থবির হয়ে পড়ে। তিন-চার দিনের মাথায় ব্যয়বহুল এই ব্যবস্থার পরিবর্তে পুলিশ সেই হাত ও বাঁশির ব্যবস্থায় ফিরে যায়।
আগের উদ্যোগে ব্যর্থ হওয়ায় এবার হাত ও স্বয়ংক্রিয় মিলিয়ে ‘আধা স্বয়ংক্রিয়’ এক সিগন্যাল-ব্যবস্থা চালু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে স্বয়ংক্রিয় আরেকটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এগুলোর পেছনে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হবে।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত যানবাহনের পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়হীনতাই এর জন্য দায়ী। ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা হতে হবে সার্বক্ষণিক। প্রকল্প শেষ হলে সেবা দেওয়া বন্ধ, এটা ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে হতে পারে না।
ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক সিগন্যালের কাজে গত ১৬ বছরে কয়েকটি প্রকল্প নেওয়া হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০০ সালের দিকে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় ৭০টি জায়গায় আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ শুরু হয়। শেষ হয় ২০০৮ সালের দিকে। কিন্তু রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার না হওয়ায় অল্প দিনেই অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়ে।
বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ‘নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস)’ নামে আরেকটি প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা গড়ে তুলতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সরঞ্জাম কেনা হয়। এর আওতায় ঢাকার দুই সিটি করপোরেশনের ৯২টি মোড় বা ইন্টারসেকশনে সোলার প্যানেল, টাইমার কাউন্টডাউন, কন্ট্রোলার ও কেব্ল স্থাপন করা হয়। এই স্বয়ংক্রিয় সিগন্যাল-ব্যবস্থাও এখন অকার্যকর।
ট্রাফিক সিগন্যাল কীভাবে চলছে, তা দেখতে গত কয়েক দিন গুলিস্তান, মতিঝিল, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট ও কাকলী এলাকা ঘোরেন এই প্রতিবেদক। দেখা যায়, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোনো সিগন্যাল বাতি জ্বলে না। উত্তর সিটি করপোরেশন এলাকায় হাতে গোনা কয়েকটি সিগন্যাল বাতি জ্বলে। বাতির দিকে ট্রাফিক পুলিশ কিংবা চালক—কেউ ফিরেও তাকান না। চিরচেনা ‘হাতের ইশারা’ পদ্ধতিতেই যানবাহন চলে আর থামে।
গত রোববার খামারবাড়ি এলাকায় দুপুরের রোদে এক হাতে ছাতা ধরে অন্য হাত তুলে পেছনের গাড়ির বহর আগলে রাখছিলেন ট্রাফিক পুলিশের দুই সদস্য। তাঁদের সামনে নিষ্ক্রিয় অবস্থায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি। পাশে লাগানো স্বয়ংক্রিয় টাইমারটিও অকেজো। পুলিশের সদস্যরা জানালেন, শেষ কবে স্বয়ংক্রিয় বাতিতে যানবাহন থামিয়েছিলেন, তা তাঁদের মনে নেই।
এবার ‘আধা স্বয়ংক্রিয়’
স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা কার্যকর করতে ব্যর্থ হয়ে ঢাকা সিটি করপোরেশন ও পুলিশ ‘আধা স্বয়ংক্রিয়’ ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। নতুন পদ্ধতিতে মোড়ে দাঁড়ানো ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে থাকবে রিমোট কন্ট্রোল। যে সড়কে যানবাহনের চাপ বেশি থাকবে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুলিশ সদস্যরা সেখানে সবুজ বাতি জ্বালাবেন। অন্য সড়কে তখন লাল বাতি জ্বলবে। মূলত হাতের ইশারার উন্নত সংস্করণ এই আধা স্বয়ংক্রিয় সিগন্যাল-ব্যবস্থা।
ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে সিটি করপোরেশন রিমোট কন্ট্রোল কেনার কার্যক্রম শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যে আধা স্বয়ংক্রিয় এই ব্যবস্থা চালু করা হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রিমোট কন্ট্রোল কিনতে গত অক্টোবর মাসে প্রায় আড়াই কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷ প্রকল্প অনুমোদন পেলে আগামী বছরের শুরুতেই রিমোট কন্ট্রোল বসানোর কাজ শুরু হবে।
অবশ্য রিমোট কন্ট্রোল পুলিশের হাতে তুলে দিলেই অবস্থার উন্নতি হবে বলে মনে করেন না বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরবিদ ইকবাল হাবিব। তিনি প্রথম আলোকে বলেন, এক মোড়ের নিয়ন্ত্রণের সঙ্গে আরেক মোড়ের সমন্বয় থাকতে হবে। কখন কোন সড়কে যানবাহনের চাপ কেমন থাকে, এসব বিষয়ে গবেষণা করে, ক্লোজড সার্কিট ক্যামেরার মতো প্রযুক্তিনির্ভর একটি কেন্দ্রীয় ব্যবস্থা করতে হবে।
সিগন্যাল স্বয়ংক্রিয় করতে আবার প্রকল্প

একদিকে আধা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল-ব্যবস্থা গড়তে যন্ত্রপাতি কেনা হচ্ছে, আরেক দিকে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা গড়তে নতুন আরেকটি প্রকল্প নিয়েছে সরকার। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার সহায়তায় নেওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৩৭ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
প্রকল্প পরিচালক ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এটি পাইলট প্রকল্প। এর আওতায় গুলিস্তান, পল্টন, মহাখালী ও গুলশান ১ নম্বর মোড়ে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিগন্যাল (আইটিএস) ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মাধ্যমে যেদিকে গাড়ির চাপ বেশি থাকবে, সেখানে সবুজ বাতি জ্বলবে।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছরের জুলাইয়ে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরে প্রকল্পের জাপানি পরামর্শকেরা দেশে ফেরত যান। আগামী ডিসেম্বর মাসে তাঁরা বাংলাদেশে ফিরতে পারেন। ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে।
পুলিশ-সিটি করপোরেশন সমন্বয়ের অভাব
নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে পুলিশ। কিন্তু স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি নিয়ন্ত্রণ এবং সরঞ্জাম সরবরাহ ও ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের। ফলে দুই সংস্থার মধ্যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সমন্বয়হীনতা দেখা দেয়।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই সংস্থার মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই। ট্রাফিক সিগন্যাল চালু হোক, সেটা সবার চাওয়া। দুই সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে।
ট্রাফিক সিগন্যাল বাতির পুরো নিয়ন্ত্রণ পুলিশের কাছে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সড়ক বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. শামসুল হক বলেন, পুলিশ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার দায়িত্ব নিলে ভালো। তবে তার আগে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। পুলিশের ট্রাফিক প্রকৌশল বিভাগ করে দিতে হবে। বিশেষায়িত এই বিভাগ সারা বছর সিগন্যালের বিষয় দেখাশোনা করবে।
অতিরিক্ত যানবাহনই কারণ
স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি কাজ না করার কারণ হিসেবে যানবাহনের অতিরিক্ত চাপকে দায়ী করে পুলিশ ও সিটি করপোরেশন দুপক্ষই। এ বিষয়ে অধ্যাপক মো. শামসুল হক বলেন, পিক টাইমে এত বেশি যানবাহনের চাপ থাকে, তাতে সিগন্যাল কাজ করে না, সেটা সত্যি।
এই বছরের অক্টোবরে বেসরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রকাশিত এক গবেষণাগ্রন্থে বলা হয়, রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ সড়কে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ যানবাহন চলে। সড়ক চারটি হলো আবদুল্লাহপুর থেকে বাড্ডা হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে খামারবাড়ি হয়ে মতিঝিল, মিরপুর ১২ নম্বর থেকে ফার্মগেট হয়ে মতিঝিল এবং আবদুল্লাহপুর থেকে বনানী, ফার্মগেট হয়ে মতিঝিল।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০১৬ সালের মে মাস পর্যন্ত ঢাকায় নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির সংখ্যা ২ লাখ ৩২ হাজার। বাস আছে ২৫ হাজার ৩৫০টি আর মিনিবাস ১০ হাজার ৯৯টি। ২০০৫ সালের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে (এসটিপি) ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করা এবং গণপরিবহনের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে পরিসংখ্যান বলছে, শহরে ব্যক্তিগত গাড়ি কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে অধ্যাপক মো. শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘ট্রাফিক সিগন্যাল নিয়ে অনেক পাগলামি হয়েছে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে আসে, কিন্তু সেটা ব্যবহার করার মানসিকতা নেই। প্রকল্প-সংশ্লিষ্ট এসব ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে হবে।’