স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে ৫০ শতাংশ দক্ষতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম বলেছেন, বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে দক্ষতা আগের চেয়ে ৫০ শতাংশ বাড়বে। আগামী মাসের শেষের দিকে এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে। বিশ্বের ২০০টি বন্দরে এই পদ্ধতি চালু আছে।গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বন্দরের চেয়ারম্যান এ কথা বলেন। চট্টগ্রাম বন্দরের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর প্রশিক্ষণকেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।ব্রিটিশ আমলে ১৮৮৭ সালের ২৫ এপ্রিল পোর্ট কমিশনারস অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় এই বন্দর। পরের বছর একই সময় এই আইনের অধীনে বন্দরের কার্যক্রম শুরু হয়।বন্দরের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের পরিকল্পনার চিত্র তুলে ধরে বন্দরের চেয়ারম্যান বলেন, এখনো বন্দরে ৮০ ভাগ অর্থাৎ আটটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে জাহাজের ক্রেন দিয়ে।চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আটকা পড়ে সিঙ্গাপুর থেকে দুই শ্রমিকের উদ্ধার হওয়ার ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, এ ঘটনা বন্দর বা দেশের জন্য সুনাম বয়ে আনেনি। বন্দরে এখন প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার লোক আসা-যাওয়া করছে। ট্রাক চলাচল করছে অন্তত চার থেকে সাড়ে চার হাজার। ট্রাক ও লোকবল কমানো এবং খালি কনটেইনার রপ্তানির নজরদারি বাড়ানো হচ্ছে।মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান তিন বছর আগে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া, কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণ, স্বতন্ত্র বেতন-কাঠামো, জনবলসংকট ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন।