চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর সময়সীমা আরও এক মাস পিছিয়ে আগামী ১০ ও ১২ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের বিজিএমইএ ভবনে গতকাল শনিবার বিজিএমইএ নেতাদের সঙ্গে বন্দর কর্মকর্তাদের বৈঠকের পর নতুন এ তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমোডর আনওয়ারুল ইসলাম, বন্দর সদস্য ক্যাপ্টেন এম শাহজাহান, ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী ও মো. নজরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক খায়রুল মোস্তফা। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। এর আগে প্রথম দফায় গত ১৯ আগস্ট এবং দ্বিতীয় দফায় ১১ ও ১৪ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করার কথা ছিল। নতুন সময় অনুযায়ী আগামী ১০ অক্টোবর সিসিটি ও এনসিটি জেটিতে এবং ১২ অক্টোবর জিসিবি জেটিতে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু হওয়ার কথা। গতকালের বৈঠকে বিজিএমই নেতারা বলেন, সিটিএমএস প্রকল্প চালু হলে বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। তবে এই প্রকল্প বাস্তবায়নে তৈরি পোশাক রপ্তানির পণ্য জাহাজীকরণের সময়সীমায় কড়াকড়ি করা হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাঁরা বলেন, বর্তমানে অবকাঠামোগত সমস্যা, গ্যাস-বিদ্যু ৎ -সংকট, রেল-যোগাযোগ ও সড়কপথের দুরবস্থা, বেসরকারি কনটেইনার ডিপোগুলোর সক্ষমতার অভাব, শুল্ক কর্মকর্তাদের সংকট ইত্যাদি বিবেচনায় এনে পণ্য জাহাজীকরণে সময়সীমা শিথিল করা দরকার। বিজিএমইএ নেতারা বলেন, এই পদ্ধতি চালু করতে হলে পণ্য জাহাজীকরণের শিথিলতা বাতিল করা হবে। অর্থা ৎ জাহাজ জেটিতে ভেড়ার ২৪ ঘণ্টা আগেই রপ্তানি কনটেইনার জেটিতে এনে রাখতে হবে। কিন্তু তাঁরা মনে করছেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এ ধরনের কড়াকড়ি আরোপ করলে তৈরি পোশাকশিল্প হুমকির মুখে পড়বে। তাঁরা কনটেইনার জেটিতে আনার সময়সীমা ৭২ ঘণ্টা করার পক্ষে মত দেন। বৈঠকে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, সিটিএমএস প্রকল্প বাস্তবায়ন করা হলে বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যেকোনো নতুন ব্যবস্থা কার্যকর করতে গেলে প্রাথমিকভাবে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। তবে অভিজ্ঞতার আলোকে এই সমস্যা নিরসন করে আরও কার্যকর ও সেবামুখী করা যাবে। উল্লেখ্য, এই পদ্ধতিতে কনটেইনারের অবস্থান ও কনটেইনার কোন জাহাজে করে আসছে বা রপ্তানি হয়েছে, এসব তথ্য জানা যাবে অনলাইনে। এ ব্যবস্থায় বন্দর জেটির অপারেশনাল কাজে কোন দিন কতজন শ্রমিক এবং কতটা যন্ত্রপাতি কোথায় নিয়োগ হবে, সেটার তথ্য অনলাইনে দেওয়া থাকবে। পাশাপাশি কনটেইনার ও জাহাজ ভাড়া, শ্রমিক নিয়োগ ইত্যাদি কাজে কত খরচ হচ্ছে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব করে অনলাইনে ব্যাংকে পরিশোধের ব্যবস্থা থাকবে। আরও থাকবে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আনার নিয়মতান্ত্রিকব্যবস্থা (বার্থিং)। ফলে ঘুষ-বকশিশ দিয়ে বহির্নোঙরে পরের ক্রমিকে থাকা কোনো জাহাজকে আগে জেটিতে ভেড়ানোর যে অভিযোগ দীর্ঘদিন ছিল, তাও বন্ধ হবে।