চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি বন্দরের জনবলের মাধ্যমে পরিচালিত হবে। এ ছাড়া জনবল নিয়োগে বিদ্যমান ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ করা হবে। গত সোমবার বন্দর ভবনে কর্মচারী পরিষদ ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার ওই বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করা হয়। এই দুটি মূল দাবি মেনে নেওয়ায় আন্দোলনরত বন্দর কর্মচারী পরিষদ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেনি। গতকাল মঙ্গলবার এক সমাবেশে সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘আমাদের মূল দাবি মেনে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ কারণে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না। তবে এসব সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি আমরা।’ বন্দর কর্মচারী পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, কার্যকরী সভাপতি এ কে এম আলাউদ্দিন, সহসভাপতি আবুল মনছুর আহাম্মদ ও এয়ার আহাম্মদ, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, বন্দরের জনবল প্রশিক্ষণ দেওয়ার পরও দুটি টার্মিনালে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ।