স্বয়ংক্রিয় পদ্ধতি হঠাৎ বিকল কনটেইনার পরিবহন বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতির (সিটিএমএস) কার্যক্রম গতকাল বুধবার হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে জাহাজে কনটেইনার ওঠানামা, সরবরাহ, স্থানান্তরসহ এই পদ্ধতির আওতায় থাকা সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।গত ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই পদ্ধতির মাধ্যমে আমদানি-রপ্তানি কনটেইনার খালাস ও সংরক্ষণের যাবতীয় দালিলিক কার্যক্রম অনলাইনে করা হয়। জানতে চাইলে বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাময়িক বন্ধ থাকলেও সন্ধ্যা ছয়টা থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির কার্যক্রম শুরু হয়। তবে এ সময় সনাতনি পদ্ধতিতে কনটেইনারে সংশ্লিষ্ট কিছু কার্যক্রম সম্পাদন হয়েছে বলে তিনি জানান।বন্দর সূত্র জানায়, গতকাল বেলা দুইটা ১০ মিনিটে হঠাৎ স্বয়ংক্রিয় পদ্ধতির কার্যক্রম অচল হয়ে পড়ে। সন্ধ্যা ছয়টায় বন্দর গেটের কার্যক্রম সচল হয়। এরপর পর্যায়ক্রমে সন্ধ্যা সোয়া সাতটার মধ্যে এই কার্যক্রম পুরোপুরি চালু হয়। স্বয়ংক্রিয় পদ্ধতির কার্যক্রম অনুযায়ী, গেট দিয়ে কনটেইনার বের হওয়া কিংবা জাহাজ থেকে কনটেইনার ওঠানামার আগে এই পদ্ধতিতে কনটেইনারের তথ্য অনলাইনে ইনপুট করতে হয়। কিন্তু সার্ভার বন্ধ থাকায় এসব কাজ হয়নি। গতকাল বন্দরের জেটিতে কনটেইনারবাহী জাহাজ ছিল আটটি। এর মধ্যে যেগুলো দুপুরের জোয়ারের আগে বন্দর ছেড়ে গেছে সেগুলোতে কনটেইনার ওঠানামা ব্যাহত হয়নি। কিন্তু যেসব জাহাজ জেটিতে ছিল সেগুলো থেকে ওই সময় কনটেইনার নামানো হয়নি।জানতে চাইলে ফিডার অপারেটর সি কনসোর্টিয়াম বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতির কার্যক্রম অচল থাকার সময় তাঁদের একটি জাহাজ থেকে কোনো কনটেইনার নামানো যায়নি। তবে রপ্তানি পণ্যবাহী যেসব কনটেইনার বন্দরে ছিল সেগুলো জাহাজে বোঝাই করা হয়েছে।প্রসঙ্গত, এশীয় উন্নয়ন ব্যাংক ও বন্দরের যৌথ অর্থায়নে এই প্রকল্প স্থাপন, পাঁচ বছর মেরামত ও সংরক্ষণ বাবদ মোট ব্যয় হচ্ছে প্রায় ৬৮ কোটি টাকা।সিটিএমএস প্রকল্পের পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা বলেন, আগামী চার মাস পর্যন্ত এই পদ্ধতির গ্রহণযোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। এ কারণে এই সময়ে কোনো সমস্যা হলে সার্ভার বন্ধ করে এবং পরে চালু করে এই পদ্ধতির কার্যক্রম সংস্কার করা হচ্ছে।