স্মরণসভা
বিপ্লব ও বিপ্লবীর মৃত্যু নেই। কমরেড খন্দকার আলী আব্বাস ছিলেন সমাজ বিপ্লবের হাতিয়ার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মৌলবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। কাজ করে গেছেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে। খন্দকার আলী আব্বাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবদুল বারেকের সভাপতিত্বে এতে দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড নুরুল হাসান, খন্দকার আলী আব্বাসের সহধর্মিণী বেবি আব্বাস, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সাধারণ সম্পাদক কমরেড আজহারুল হক প্রমুখ বক্তব্য দেন।