
স্মরণসভা, মোমবাতি প্রজ্বালন এবং আলোর মিছিল করে গতকাল মঙ্গলবার স্মরণ করা হলো গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় বোমা হামলায় নিহত ব্যক্তিদের৷
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত স্মরণসভায় বক্তারা ওই বোমা হামলার ঘটনায় করা মামলার দ্রুত বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷
বানিয়ারচর গির্জায় হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকী আজ ৪ জুন৷ এ উপলক্ষে গতকাল এসব কর্মসূচির আয়োজন করা হয়৷ বিকেলে স্মরণসভায় সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বর্তমান সরকারের মেয়াদেই হবে বলে আশ্বাস দেন। তিনি ওই ঘটনায় করা মামলার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করারও প্রতিশ্রুতি দেন৷
২০০১ সালের ৪ জুন সকাল সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় প্রার্থনা চলাকালে বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত ও ২৬ জন আহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা ও বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়৷
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক৷ তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের বিচার গত ১৩ বছরে হয়নি। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করেন।
নিহত ব্যক্তিদের স্মরণে সভায় ধর্মীয় সংগীত পরিবেশন করেন সিস্টার বাসনা রিবেরু ও সিস্টার রেবেকা রোজারিও।
বক্তারা বিচারপ্রক্রিয়া ঝুলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন৷ দানিয়েল সিকদারের সঞ্চালনায় সভায় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মার্কুজ গোমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তপন ডি রোজারিও, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথেরো, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী জয়ন্তী রায় প্রমুখ।
স্মরণসভা শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে একটি আলোর মিছিল শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।