
বয়স পেরিয়ে গিয়েছিল তাঁর নব্বই। তবু থেমে যাওয়ার কথা ভাবেননি। ‘আরও এগিয়ে যেতে হবে। পুরোনো কোনো কিছু নিয়ে আঁকড়ে থাকলে আমরা এগোতে পারব না’ বলছিলেন তিনি দ্বিধাহীন কণ্ঠে। তাঁর সারা জীবনের সাধনার সারাৎসার ধরা আছে এর মধ্যেই। তাঁকে নিয়ে স্মরণসভার শুরুও হয়েছিল ইতিহাসের কিংবদন্তি নারী: নূরজাহান বেগম প্রামাণ্যচিত্রটি দিয়ে।
গতকাল সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘নূরজাহান বেগম স্মরণসভা’র আয়োজন করেছিল বাংলা একাডেমি ও বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে। মঞ্চের পর্দায় তাঁর মাতৃসম প্রসন্ন মুখচ্ছবি। এর সামনে দাঁড়িয়ে আলোচকেরা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তুলে ধরলেন তাঁর জীবনের কৃতি। স্মৃতিচারণা করলেন কেউ। তাতে উঠে এল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীসমাজকে অন্ধকার থেকে আলোতে আনার যে সংগ্রাম শুরু করেছিলেন, তার যোগ্য উত্তরসূরি হিসেবে সরাসরি তাঁর দীক্ষাপ্রাপ্ত কবি বেগম সুফিয়া কামাল ও নূরজাহান বেগমের অনন্য ভূমিকার কথা। তাঁকে বলা হলো আলোর দ্যুতি। সেই সূত্রে এল বাবা বিখ্যাত সাহিত্য পত্রিকা সওগাত সম্পাদক নাসিরউদ্দীন এবং স্বামী বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের প্রসঙ্গ। সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা কেবল নারীমুক্তির আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং তা বিগত শতাব্দীর সমাজ, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতির এক মনোজ্ঞ আলোচনায় পরিণত হয়।
নির্ধারিত সময় ঠিক সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হয়েছিল বেগম সম্পাদক নূরজাহান বেগমের জীবন নিয়ে তাঁর নাতনি প্রিয়তা ইফতেখারের তৈরি প্রামাণ্যচিত্র দিয়ে।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মালেকা বেগম, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, অধ্যাপক কাজী মদিনা, শামসুজ্জাহান নূর, সেলিনা খালেক, সানাউল হক খান প্রমুখ।