স্মরণসভায় আলোর দ্যুতি

বয়স পেরিয়ে গিয়েছিল নব্বই। তবু থেমে যাওয়ার কথা ভাবেননি। ‘আরও এগিয়ে যেতে হবে। পুরোনো কোনো কিছু নিয়ে আঁকড়ে থাকলে আমরা এগোতে পারব না’—বলেছিলেন তিনি দ্বিধাহীন সাবলীল কণ্ঠে। প্রামাণ্যচিত্রের শুরুতেই তিনি এই যে কথাগুলো বলছিলেন, তাঁর সারা জীবনের সাধনার সারাৎসার ধরা আছে এর মধ্যেই। তাঁকে নিয়ে স্মরণসভার শুরুও হয়েছিল ‘ইতিহাসের কিংবদন্তি নারী: নূরজাহান বেগম’ প্রামাণ্যচিত্রটি দিয়ে।
আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘নূরজাহান বেগম স্মরণসভা’ যৌথভাবে আয়োজন করে বাংলা একাডেমি ও বাংলাদেশ মহিলা পরিষদ। মঞ্চের পর্দায় তাঁর মাতৃসম প্রসন্ন মুখচ্ছবি। সামনে দাঁড়িয়ে আলোচকেরা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তুলে ধরলেন তাঁর জীবনের কৃতি। স্মৃতিচারণা করলেন কেউ। তাতে উঠে এল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী সমাজকে অন্ধকার থেকে আলোতে আনার যে সংগ্রাম শুরু করেছিলেন, তার যোগ্য উত্তরসূরি হিসেবে সরাসরি তাঁর দীক্ষাপ্রাপ্ত কবি বেগম সুফিয়া কামাল ও নূরজাহান বেগমের অনন্য ভূমিকার কথা। তাঁকে বলা হলো আলোর দ্যুতি। সেই সূত্রে এল পিতা বিখ্যাত সাহিত্য পত্রিকা সওগাত সম্পাদক নাসিরউদ্দীন এবং স্বামী বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের প্রসঙ্গ। সব মিলিয়ে সদ্যপ্রয়াত এই নারী সাংবাদিকতার অগ্রণীর স্মরণসভা কেবল নারীমুক্তির আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা বিগত শতাব্দীর সমাজ, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতির এক মনোজ্ঞ আলোচনায় পরিণত হয়েছিল।
নির্ধারিত সময় ঠিক বিকেল সাড়ে চারটাতেই অনুষ্ঠান শুরু হয়েছিল বেগম সম্পাদক নূরজাহান বেগমের জীবন নিয়ে তাঁর নাতনি প্রিয়তা ইফতেখারের প্রামাণ্যচিত্র দিয়ে। তারপর আলোচনা পর্ব। সভাপতি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নূরজাহান বেগমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না। ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর বাবা নাসিরউদ্দীনের সঙ্গে। তবে শৈশব থেকেই বেগম পত্রিকার সঙ্গে পরিচয় হয়েছিল। কারণ, তাঁর মা পত্রিকাটির নিয়মিত পাঠক ছিলেন। সে সময়ে বেগম নারীদের মুখপত্র হিসেবে যে ভূমিকা রেখেছে, তা অনন্য। তিনি বলেন, পত্রিকাটির প্রকাশনা টিকিয়ে রাখার মধ্য দিয়েই নূরজাহান বেগমের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, নতুন প্রজন্মকে বাঙালিত্বের চেতনায় দীক্ষিত করে তুলতে নূরজাহান বেগম কাজ করে গেছেন।
মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মালেকা বেগম বলেন, ‘তিনি নারী আন্দোলনের দীর্ঘ সংঘাতময় পথে আমাদের প্রেরণা সঞ্চার করেছেন। আজ তিনি সরাসরি আমাদের মধ্যে নেই বটে, তবে তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের কাছে থাকবেন।’
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, আজকে বাংলাদেশে নারীর যে অগ্রযাত্রা, বিশেষত মুসলিম নারীরা সমাজে যে উজ্জ্বল অবস্থানে রয়েছেন, তার নেপথ্যে যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা, নূরজাহান বেগম তাঁদের অন্যতম।
বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান তাঁর মায়ের স্মৃতিচারণা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বেগম রোকেয়া ও নাসিরউদ্দীনের ভাবাদর্শ তাঁদের যোগ্য উত্তরসূরি নূরজাহান বেগম গ্রহণ করেছিলেন। আমাদের মাঝে তা ছড়িয়ে দিয়েছেন। আজ এক অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কিছু প্রগতির পক্ষে, তার বিরুদ্ধে কিছু মানুষ তৈরি হয়েছে। তাদের প্রতিহত করতে না পারলে সমাজ এগোবে না। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। এর ভেতর দিয়েই নূরজাহান বেগমের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হবে।’
আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক কাজী মদিনা, শামসুজ্জাহান নূর, সেলিনা খালেক, সানাউল হক খান, প্রিয়তা ইফতেখার প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বেগম পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার আশাবাদ দিয়ে শেষ হয় আয়োজন।