‘রামুর ধংসস্তূপের ওপর তৈরি নতুন বৌদ্ধ-বিহারের অধিকাংশের সীমানাপ্রাচীর নেই। অন্ধকার রাতে লোকজন বিহারে ঢুকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের দাবি, সীমানাপ্রাচীর নির্মাণ করে বৌদ্ধবিহারের সুরক্ষা নিশ্চিত করা হোক।’ গতকাল সকালে রামুর চৌমুহনীতে দাঁড়িয়ে এসব কথা তুলে ধরেন কেন্দ্রীয় সীমাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া।
রামু হামলার দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল সীমাবিহারে স্মরণসভার আয়োজন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথের ও ড. সংঘপ্রিয় মহাথের। ধর্মদেশনা করেন প্রিয়রত্ন মহাথের, শীলানন্দ মহাথের, জ্যোতিসেন ভিক্ষু। প্রজ্ঞানন্দ ভিক্ষুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রি মহাথের বলেন, কেন্দ্রের বাইরে পাহাড়চূড়ায় স্থাপিত ১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তিটি একেবারেই অরক্ষিত।
ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত বড়ুয়া বলেন, ‘অরক্ষিত বৌদ্ধবিহারগুলোর চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছি।’