‘স্মরণে তোমরা/ স্মৃতিতে তোমরা/ তোমরা আছো মানসপটে...’ লাল-সবুজের কাপড়ে এ কথা বড় করে লেখা। পাশাপাশি রক্তলাল বৃত্তের আদলে আরও কয়েকটি ফেস্টুনে শহীদদের নাম এবং তাঁদের আত্মত্যাগের লেখা-কথা শোভা পাচ্ছিল। লাল-সবুজের এ রকম ব্যানার-ফেস্টুনে জীবন উৎসর্গের কথামালা দিয়ে সাজানো হয়েছিল—নিহত হওয়া একই পরিবারের নয় সদস্যকে সমাহিত করার স্থান—সিলেট নগরের মির্জাজাঙ্গাল।গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় শহীদ পরিবারের সদস্য এবং সেই কাহিনির প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা সমবেত হন। জাতীয় সংগীতের পরপরই প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্মরণ করা হয় নিহত ব্যক্তিদের। এরপর অনুষ্ঠিত হয় স্মরণসভা।১৯৭১ সালে বিজয় দিবসের সকালে সিলেটে ভারতীয় মিত্র বাহিনীর লক্ষ্যভ্রষ্ট মর্টার শেলের বিস্ফোরণে নিহত ব্যক্তিদের প্রায় ৪০ বছর পর এভাবেই গতকাল শুক্রবার বিজয় দিবসে প্রথম স্মরণ করা হয়। গত ১৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘কেউ স্মরণ রাখেনি সেই কাহিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর শিক্ষার্থীদের মুক্তচিন্তার সংগঠন ‘নিনাই’ আয়োজন করেছিল এ স্মরণসভার। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় স্মরণের আনুষ্ঠানিকতা। নয়টি প্রদীপ প্রজ্বালন শেষে শহীদ পরিবারসহ উপস্থিত সবাই পুষ্পমাল্য অর্পণ করেন। জাগরণের গান—মুক্তির মন্দির সোপানতলা... পরিবেশনের পর শুরু হয় স্মৃতিচারণা।স্মরণসভার আয়োজকদের পক্ষে ‘নিনাই’-এর সংগঠক তায়েফ আহমদ চৌধুরী, সেই কাহিনির প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা প্রবীণ আবদুর রহমান চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেটে মুক্তিযুদ্ধের তথ্যসংগ্রাহক সাংবাদিক আল-আজাদ, আইনজীবী প্রদীপ ভট্টাচার্য, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত, নিনাইয়ের উপদেষ্টা আবদুল করিম কিম এবং শহীদ পরিবারের পক্ষে আইনজীবী বন্ধুগোপাল দাশ ও প্রতীক এন্দ স্মৃতিচারণামূলক বক্তব্য দেন।স্মরণসভায় বক্তারা জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধ চলাকালীন অনেক ঘটনা ও কাহিনি আজও অজানা। ৪০ বছর পর এ ঘটনা প্রকাশের মধ্য দিয়ে সেই সময় বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্রও ফুটে ওঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হলে এসব অজানা কাহিনিকেও স্মরণ রাখতে হবে।শহীদ পরিবার ও প্রতিবেশীদের স্মৃতিচারণা থেকে সেই স্থানকে চিরস্মরণীয় করে রাখতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান শহীদদের নামফলকসহ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেন। মেয়র বলেন, ‘ঘটনাটি আমি নিজেও জানতাম না। এই শহরের নানা প্রান্তে এ রকম আত্মত্যাগ ও সহযোগিতার নানা নিদর্শন আর কাহিনি রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব কাহিনিকে প্রকাশ্যে আনতে হবে। স্মরণ করতে হবে, যুদ্ধের ভয়াবহতা আর কত আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের বিজয়।’শহীদদের সমাহিত করার স্থানটির মালিকপক্ষের অনুমোদন সাপেক্ষে একটি শহীদ নামফলক ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেন মেয়র কামরান।