স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও একটি ডেটা কার্ড অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এগুলো অবমুক্ত করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেখ হাসিনা প্রতিটি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, ডাক বিভাগের মহাপরিচালক এ বি এম হুমায়ুন ও পরিচালক মো. ফাউজুল আজিম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এ সময় উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও একটি ডেটা কার্ড গতকাল থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে পাওয়া যাচ্ছে। পরে এগুলো সারা দেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরগুলোতেও পাওয়া যাবে।
এ উপলক্ষে দেশের প্রধান চারটি জিপিওতে উদ্বোধনী খামের জন্য একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হবে।